‘পরিস্থিতি বদলে যাওয়ায়’ সংলাপের রুল খারিজ
রাজনৈতিক পরিস্থিতি ‘বদলে যাওয়ায়’ দেশের দুই প্রধান রাজনৈতিক দলের শীর্ষ নেতার মধ্যে সংলাপের জন্য হাই কোর্টের জারি করা রুল খারিজ হয়ে গেছে।
ওই রুল ‘অকার্যকর’ হয়ে যাওয়ায় বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চ মঙ্গলবার তা খারিজ করে দেয়।
নির্বাচন সামনে রেখে সারা দেশে রাজনৈতিক সহিংসতা আর সংলাপে বসতে বিভিন্ন মহলের তাগিদের মধ্যে গত বছরের ২৭ মার্চ ওই রুল জারি করেছিল আদালত।
অবাধ ও স্বচ্ছভাবে সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে চলমান রাজনৈতিক সংকট নিরসনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া এবং তাদের নেতৃত্বাধীন জোটের মধ্যে সংসদের ভিতরে-বাইরে রাজনৈতিক সংলাপ অনুষ্ঠানের নির্দেশ কেন দেয়া হবে না- তা জানতে চাওয়া হয় ওই রুলে।
রাজনৈতিক অধিকার ও কার্যক্রমের নামে বোমা ও ককটেল নিক্ষেপ, গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের মতো ‘অবৈধ কার্যক্রম’ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র সচিবকে কেন নির্দেশ দেয়া হবে না, তাও জানতে চায় আদালত।
সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ গত ১৪ মার্চ এই রিট আবেদন করেন। তিনি নিজেই আদালতে শুনানি করেন।
অন্যদিকে রাষ্ট্রপক্ষে বক্তব্য দেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান। ব্যারিস্টার নাজমুল হুদাও আবেদনকারীর পক্ষে শুনানিতে অংশ নেন।
রুল খারিজের পর ইউনুস আলী আকন্দ বলেন, “আদালত বলেছে, দেশের পরিস্থিতি এখন শান্ত। রুল জারি করার সময়ের মতো পরিস্থিতি এখন আর নেই। খালেদা জিয়াও এখন আর বিরোধী দলে নেই। তাই সেই রুল বর্তমানে অকার্যকর হয়ে গেছে। এ কারণে রুলটি খারিজ করা হলো।”
এক প্রশ্নের জবাবে ইউনুস বলেন, “বর্তমানে পরিস্থিতি শান্ত হলেও সংলাপ না হলে উপজেলা নির্বাচন এবং এসএসসি পরীক্ষার পর দেশের পরিস্থিতি আবারো অশান্ত হয়ে উঠতে পারে। এ কারণে আমরা সংলাপ চাই।”
দুই নেত্রীর সংলাপ চেয়ে রিটের আদেশ ঝুলে গেল
দুই নেত্রীর সংলাপ চেয়ে রিট
