জঙ্গি ছিনতাই নিয়ে সরকার নাখোশ: কাদের
পুলিশ হত্যা করে জঙ্গি ছিনিয়ে নেয়া এবং বন্দুকযুদ্ধে জঙ্গি নিহত হওয়ার ঘটনায় সরকার ‘নাখোশ’ বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার সচিবালয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমাদের মতো দেশে সরকারের অনেক সুখকর ও বিব্রতকর বিষয় আছে। পুলিশের কাছ থেকে জঙ্গি ছিনিয়ে নেয়া এবং বন্দুকযুদ্ধে এক জঙ্গি নিহত হওয়ার ঘটনায় সরকার আনপ্লিজড। এখানে বিব্রতকর বিষয় আছে। সরকার এসব বিষয়ে আরো কঠোর সতর্ক হবে।”
দুপুরে শ্রীলঙ্কার হাইকমিশনার সারাথ কে ওয়েরাগোদা মন্ত্রীর সঙ্গে দেখা করেন।
মন্ত্রী বলেন, “শ্রীলঙ্কার সন্ত্রাস দমনের অভিজ্ঞতা আছে। সেই বিষয়ে আলাপ করা হয়। এছাড়া যোগাযোগ খাতের ব্যবসা নিয়েও আলোচনা হয়েছে।”
জঙ্গি ছিনিয়ে নেয়ার ঘটনায় বিএনপি ও জামায়াত জড়িত- সরকারি দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের এমন বক্তব্যে বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, “সঠিক তদন্ত করেই কিছু বলা উচিত। কথা কম বলে প্রতিরোধের ব্যবস্থা নিতে হবে।”
যানজট বিষয়ে যোগাযোগমন্ত্রী বলেন, এখন থেকে রাস্তা উদ্ধার হবে। রাস্তা দখলমুক্ত করে আগামী ছয় মাসের মধ্যে যানজট সমস্যার উন্নতি ঘটানো হবে।
