কোনো জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক নেই: জামায়াত
আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের প্রতিক্রিয়ায় জামায়াতে ইসলামী বলেছে, তাদের সঙ্গে কোনো জঙ্গি গোষ্ঠীর সম্পর্ক নেই।
‘বিএনপি-জামায়াত-আল কায়েদা একসূত্রে গাঁথা’- আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদের বক্তব্যের প্রতিবাদে সোমবার রাতে এক বিবৃতিতে এই দাবি করা হয়।
জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য হামিদুর রহমান আযাদ বলেন, “আল কায়েদাসহ কোনো আন্তর্জাতিক জঙ্গিবাদী গোষ্ঠীর সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো সম্পর্ক নেই।”
পাল্টা বক্তব্যে আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, “জামায়াতে ইসলামী কখনো দেশে সন্ত্রাস সৃষ্টি করে না। বরং বর্তমান সরকারই গত ৫ বছর যাবত সন্ত্রাস সৃষ্টি করে গণহত্যা, গণগ্রেপ্তার ও গণনির্যাতন চালিয়ে দেশকে নৈরাজ্যের অন্ধকারে ঠেলে দিচ্ছে।”
বাংলাদেশকে হুমকি দিয়ে আল কায়েদার প্রধান আয়মান আল-জাওয়াহিরির অডিও টেপ প্রকাশের মধ্যে প্রিজন ভ্যানে হামলা চালিয়ে জঙ্গিদের ছিনিয়ে নেয়ার ঘটনায় জামায়াতের সংশ্লিষ্টতার দিকে ইঙ্গিত করে একদিন আগে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও বক্তব্য দেন।
হামিদুর রহমান বলেন, “দেশের কোথাও কোনো ঘটনা ঘটলেই তার জন্য জামায়াত-শিবিরকে দায়ী করে মিথ্যা ও কাল্পনিক বক্তব্য প্রদান করা আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও নেতাদের একটি মজ্জাগত বদঅভ্যাসে পরিণত হয়েছে।”
জামায়াত সম্পর্কে বিভ্রান্তি ছড়াতে ‘মিথ্যা’ বক্তব্য দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
বিএনপি-জামায়াত-আল কায়েদা একই সূত্রে গাঁথা: হাছান
