আইনজীবীদের সঙ্গে বৈঠকে খালেদা জিয়া
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আসন্ন নির্বাচন ও দলের নেতাকর্মীদের মামলার অবস্থা নিয়ে আইনজীবীদের বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
রোববার রাত সোয়া ৯টার দিকে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হয়।
এতে আইনজীবী ও দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, রফিকুল ইসলাম মিয়া, চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, শাহজাহান ওমর, জয়নাল আবেদীন, আমীনুল হক, বদরুদ্দোজা বাদল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ জে মোহাম্মদ আলী, সম্পাদক মাহবুবউদ্দিন খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।
৫ জানুয়ারি নির্বাচন বর্জনের পর গত মাসের মাঝামাঝি থেকে খালেদা জিয়া বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় শুরু করেন।
এর আগে তিনি সম্মিলিত পেশাজীবী পরিষদ, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-ঢাকা সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে-ডিইউজে), জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম, প্রকৌশলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
ওই সব বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতির নিয়ে পেশাজীবীদের মতামত শোনেন বিএনপি চেয়ারপারসন।
