নির্বাচনী লড়াইয়ে কাদের সিদ্দিকী
বিএনপির সহগামী হয়ে দশম সংসদ নির্বাচন বয়কট করলেও টাঙ্গাইল-৮ আসনে উপনির্বাচনে প্রার্থী হলেন আব্দুল কাদের সিদ্দিকী।
বাসাইল ও সখিপুর উপজেলা নিয়ে গঠিত ওই আসনে নির্বাচনী লড়াইয়ে নামতে রোববার মনোনয়নপত্র দাখিল করেছেন কৃষক, শ্রমিক, জনতা লীগের সভাপতি।
আওয়ামী লীগের শওকত মোমেন শাহজাহানের মৃত্যুতে শূন্য হওয়া এই আসনে কাদের সিদ্দিকীর ছাড়াও মনোনয়নপত্র দাখিল করেছেন ছয়জন।
এর মধ্যে শওকত মোমেনের ছেলে অনুপম শাহজাহান জয় নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। শনিবার তাকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ।
২৯ মার্চ ভোটের দিন রেখে ঘোষিত তফসিল অনুযায়ী রোববার ছিল এই উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।
কাদের সিদ্দিকী ও অনুপম শাহজাহান ছাড়াও মনোনয়নপত্র দাখিল করেছেন সখীপুরের বোয়ালী কলেজের অধ্যক্ষ সাবেক ছাত্রলীগ নেতা সাঈদ আজাদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক জিএম আব্দুল মালেক, জাতীয় পার্টির কাজী আশরাফ সিদ্দিকী এবং নির্দলীয় ডা. লিয়াকত আলী।
সাঈদ আজাদ ও মালেক আওয়ামী লীগের মনোনয়ন না পেলেও মনোনয়নপত্র দাখিল করেছেন।
আব্দুল কাদের সিদ্দিকী (ফাইল ছবি)
নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনরত বিএনপি দশম সংসদ নির্বাচন বয়কট করলে সব দলের অংশগ্রহণ না হওয়ার কারণ দেখিয়ে কাদের সিদ্দিকীও ভোটের লড়াইয়ে আসেননি।
৫ জানুয়ারির বিরোধী দলবিহীন নির্বাচনের সমালোচনা করে তিনি বলেছিলেন, এতে শেখ হাসিনার ‘ছালা-মালা দুইই যাবে’।
আওয়ামী লীগের এক সময়ের নেতা কাদের সিদ্দিকী দুই দশক আগে আলাদা দল গঠন করেন। তার ভাই আব্দুল লতিফ সিদ্দিকী আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য। শেখ হাসিনার মন্ত্রিসভায়ও রয়েছেন তিনি।
হাসিনার ‘ছালা-মালা’ দুটোই যাবে: কাদের সিদ্দিকী
