‘১০ উপজেলাও পেত না’
উপজেলা নির্বাচনে ‘প্রশাসনকে ব্যবহার না করলে’ ক্ষমতাসীন দল ১০টি চেয়ারম্যান পদেও জয়ী হতে পারত না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ।
তিনি বলেছেন, প্রথম পর্বের ভোটে বিএনপি সমর্থিত প্রার্থীদের এগিয়ে থাকাই সরকারের ‘জনবিচ্ছিন্নতার’ প্রমাণ।
বৃহস্পতিবার সকালে এক আলোচনা সভায় হান্নান শাহ বলেন, “গতকাল উপজেলা পরিষদের প্রথম দফার ভোট শেষ হয়েছে। এ নির্বাচনের মাধ্যমে তৃণমূলের জনগণ এ সরকারের বিরুদ্ধে সঠিক রায় দিয়েছে। এটা জনবিচ্ছিন্নতার বহিঃপ্রকাশ।’’
বুধবার যে ৯৭টি উপজেলায় ভোট হয়েছে, তার মধ্যে ৫৬টিতে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন বিএনপি-জামায়াত নেতারা। আর আওয়ামী লীগের নেতারা জয়ী হয়েছেন ৩৩টিতে।
হান্নান শাহ বলেন, “ক্ষমতাসীরা নির্বাচনে প্রশাসন ও পেশী শক্তির ব্যবহার না করলে ১০ থেকে ১২টির বেশি উপজেলায় নির্বাচিত হতে পারত না।”
জাতীয়তাবাদী তৃণমূল দলের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবে ‘দেশ ও জাতির কলঙ্কমুক্ত করার জন্য দ্রুত জাতীয় নির্বাচন দাবি’ শীর্ষক এ আলোচনার আয়োজন করা হয়।
আ স ম হান্নান শাহ বলেন, “ভোটারবিহীন নির্বাচনে ক্ষমতায় বসে সরকার বলে আসছিল- বিএনপির নাকি জনসমর্থন নেই। উপজেলা নির্বাচনেই প্রমাণ হয়ে গেছে, বিএনপির নয়, সরকারেরই জনসমর্থন নেই।”
ফাইল ছবি
প্রথম দফা উপজেলা নির্বাচনে জামায়াত সমর্থিত প্রার্থীদের জয় প্রসঙ্গে তাদের জোটসঙ্গী বিএনপির এই নেতা বলেন, “ক্ষমতাসীনরা জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার কথা বলছে। তারা নাকি গণবিচ্ছিন্ন হয়ে গেছে। যদি বিচ্ছিন্নই হয়, উপজেলা নির্বাচনে জনগণ কাদের ভোট দিয়েছে- সরকারকে বলব, দেখুন।”
আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে বিএনপির ঢাকা মহানগর কমিটি পুনর্গঠন করা হবে বলেও হান্নান শাহ জানান।
তিনি বলেন, “৫ জানুয়ারির নির্বাচন বর্জনের আন্দোলনে সারাদেশে তৃণমূল নেতারা আন্দোলন করেছে, কিন্তু ঢাকা মহানগরের নেতা-কর্মীদের মাঠে দেখা যায়নি। তাই তৃণমূলদের নিয়ে অতিদ্রুত মহানগর কমিটি পুনর্গঠন করা হবে। যারা আগামী আন্দোলনে মাঠে নামবে, তাদের নিয়ে কমিটি হবে।”
জাতীয়তাবাদী তৃণমূল দলের সভাপতি মো. হানিফের সভাপতিত্বে অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, যুব দলের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম আজাদ আলোচনা সভায় বক্তব্য রাখেন।
এদিকে বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানের মুক্তির দাবিতে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে জেলা যুব দল।
জেলা যুবদলের সভাপতি নাজিমউদ্দিন আহমেদের সভাপতিত্বে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও আবদুল মান্নান, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, আইন বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান খান মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন।
