টাঙ্গাইল-৮ আসনে উপ-নির্বাচনে আ. লীগের প্রার্থী চূড়ান্ত হয়নি
টাঙ্গাইল-৮ আসনের উপ-নির্বাচনের জন্য এখনো প্রার্থী চূড়ান্ত করতে পারেনি আওয়ামী লীগ।
বুধবারই আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের বৈঠকে প্রার্থীদের সাক্ষাৎকার নিয়ে দলের প্রার্থী চূড়ান্ত করার কথা থাকলেও সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়।
ইতিমধ্যে দলীয় মনোয়নয়ন নিতে ১০ জন্য প্রার্থী ফরম কিনে জমা দিয়েছেন।
গত সোমবার বোর্ডের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বুধবার সন্ধ্যায় গণভবনের আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠক হয়।
সন্ধ্যা সাড়ে ৬টা থেকে শুরু হওয়া দু’ঘণ্টার বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, দু/এক দিনের মধ্যেই প্রার্থী চূড়ান্ত করা হবে।
সৈয়দ আশরাফ ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সৈয়দা সাজেদা চৌধুরী, সুরঞ্জিত সেনগুপ্ত, আলাউদ্দিন আহমেদ, কাজী জাফরউল্যাহ ও ওবায়দুল কাদের।
আগামী ২৩ মার্চ টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২৩ ফেব্রুয়ারি। গত ২০ জানুয়ারি দলীয় সাংসদ শওকত মোমেন শাহজাহান হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ায় এই আসনটি শূন্য হয়। এর আগে গত সোমবার সন্ধ্যায় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে তোফায়েল সাংবাদিকদের বলেছিলেন, প্রার্থী চূড়ান্ত করতে মঙ্গলবার ও বুধবার দলীয় মনোনয়ন ফরম বিক্রি এবং জমা নেয়া হবে। বুধবার আবার বৈঠকে প্রার্থী চূড়ান্ত করা হবে।
দলীয় মনোনয়ন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫ হাজার টাকা।
আব্দুল মালেক মিয়া, মোহাম্মদ আব্দুর রশীদ, জোয়াহেরুল ইসলাম, মোহাম্মদ আবু সাঈদ মিয়া, অনুপম শাজাহান জয়, কোহিনুর হোসেন খান, রফিক-ই রাসেল, প্রকৌশলী আতাউল মাহমুদ, মোহাম্মদ জুয়েল ও হাবিবুর রহমান হাবিব আবেদনপত্র কিনে জমা দিয়েছেন।
শওকত মোমেন দশম জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নবম সংসদে তিনি কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন।
