২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: ফখরুল

আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো ‘সুষ্ঠু’ নিবার্চন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2014, 08:30 PM

Updated : 01 Sep 2026, 12:27 PM

বুধবার বিকালে এক আলোচনা সভায় তিনি বলেন, “৫ জানুয়ারির নির্বাচনে শতকরা ৫ ভাগ মানুষও ভোটকেন্দ্রে যায়নি। আওয়ামী লীগ সরকার আজ জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভোটারবিহীন ওই নির্বাচনে তারা গণতন্ত্রকে আবারো হত্যা করেছে।”

উপজেলা নির্বাচনের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, “এরকম  নির্বাচন থেকে আজ প্রমাণ হয়ে গেছে, আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু হবে না। তাদের অধীনে নির্বাচন কোনোভাবেই নিরপেক্ষ করা সম্ভব নয়।”

চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম দফায় বুধবার ৪০ জেলার ৯৭ উপজেলায় ভোট হয়।

টঙ্গীতে ছাত্রদলের এক কর্মীকে ‘গুম’ করা হয়েছে দাবি করে মির্জা ফখরুল বলেন, “গতকাল ওই কর্মীর বাবা আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। গত ১২ জানুয়ারি তার ছেলেকে দক্ষিণখান এলাকা থেকে তুলে নিয়ে যাওয়ার পর এখনো তার সন্ধান মেলেনি। টঙ্গী কলেজের ওই ছাত্রের অপরাধ সে জাতীয়তাবাদী ছাত্রদল করে।”

সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের জন্য নেতা-কর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “হতাশ হলে চলবে না। প্রতিবাদের মাধ্যমে নতুন সূর্য উঠবেই।”

জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে লন্ডন প্রবাসী আখতার মাহমুদ রচিত ‘বাংলাদেশি জাতীয়তাবাদ ও তারেক রহমান’ শিরোনামের বইয়ের প্রকাশনা উপলক্ষে এই আলোচনা সভা হয়।

দেড়শ’ পৃষ্ঠার এই বই প্রকাশ করেছে রুক্কু শাহ ক্রিয়েটিভ পাবলিশার্স। বইটির মূল্য রাখা হয়েছে আড়াইশ’ টাকা। অনুষ্ঠানের শুরুতে গ্রন্থের মোড়ক উন্মোচন করেন অধ্যাপক এমাজ উদ্দিন আহমদ।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দিন আহমেদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেন, চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলাম,  প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ, সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, প্রকাশক আমজাদ হোসেন খান জামাল প্র্রমুখ বক্তব্য রাখেন।

অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বইয়ের লেখক আখতার মাহমুদ উপস্থিত থাকতে পারেননি। আয়োজকরা তার আরোগ্য কামনা করেন।