বিএনপির অভিযোগ মিথ্যা: আ.লীগ
উপজেলা পরিষদের প্রথম দফা নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীদের পোলিং এজেন্টদের বের করে দেয়া ও জালিয়াতির অভিযোগ প্রত্যাখ্যান করে আওয়ামী লীগ বলেছে, নির্বাচন স্বচ্ছ ও সুষ্ঠু হয়েছে।
বুধবার ভোট শেষে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম এক সংবাদ সম্মেলনে পাল্টা অভিযোগ করেন, “অনেক জায়গায় আমাদের সমর্থদের বিএনপি-জামাতের লোকেরা বের করে দিয়েছে। নির্বাচন কমিশনে আমরাও প্রচুর অভিযোগ করেছি। কিন্তু এগুলো সব বিচ্ছিন্ন ঘটনা।”
এর আগে ভোট চলাকালে দুপুরে এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “৫ জানুয়ারির ভোটারবিহীন নির্বাচনে উৎসাহিত হয়ে ক্ষমতাসীন দলের প্রার্থীরা বিভিন্ন ভোট কেন্দ্র দখল করে একতরফা ব্যালেট পেপারে সিল দিচ্ছে।”
উপজেলা নির্বাচনের সময় ‘যৌথ বাহিনী দিয়ে’ বিএনপি ও শরিকদের ওপর দমন-পীড়ন চালাতেই প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিজের হাতে রেখেছেন বলেও অভিযোগ করেন তিনি।
এর জবাবে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভনেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এইচ টি ইমাম বলেন, “বিএনপির জন্মলগ্ন থেকে একটি লাই স্পিনিং মিল আছে। সেখানে মিথ্যার জাল বোনা হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রিজভী সাহেব শুধু মিথ্যা, মিথ্যা আর মিথ্যা বলছেন।”
তিনি বলেন, ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামী লীগ সমর্থক এক ইউপি চেয়ারম্যানকে ভোট কেন্দ্রে যেতে বাধা দেয়ার অভিযোগে তিন মাসের জেল ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সরকার যে ভোট প্রভাবিত করছে না- এটাই তার প্রমাণ।
“বিএনপি গোয়েবলসীয় নীতি মেনে চলে। মিথ্যা বারবার বলতে বলতে তারা সেটাকে সত্য করে ফেলতে চায়।”
এইচ টি ইমাম বলেন, সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি কেন্দ্র জামায়াতের লোকেরা আগুন ধরিয়ে দিয়েছে। কিছু জায়গায় ব্যালট ছিনতাই হয়েছে। আওয়ামী লীগ সমর্থকদেরও আইন-শৃঙ্খলা বাহিনী বের করে দিয়েছে। বরিশাল, নীলফামারীতেও এ ধরনের ঘটনা ঘটেছে।
বিএনপির পরামর্শ নির্বাচন কমিশন মানছে না- এমন অভিযোগের জবাবে এইচ টি ইমাম বলেন, “পরামর্শতো পরামর্শই। নির্বাচন কমিশন সেটা মানতে পারে নাও মানতে পারে। মানতে হবে এমন- কোনো কথা আছে নাকি।”
নির্বাচন সুষ্ঠু হয়েছে দাবি করে এইচ টি ইমাম বলেন, “নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে কাজ করেছে। সরকার সংবিধান অনুযায়ী তাদের সহায়তা করেছে। সন্তোষজনক নির্বাচন হয়েছে। সারাদেশে স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। এই জিনিসটাই আমরা চেয়েছিলাম। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেয়াই আমাদের লক্ষ্য।”
তারপরও কোনো ত্রুটি থাকলে আগামীতে তা সংশোধন করা হবে বলে মন্তব্য করেন তিনি।
এবারের উপজেলা নির্বাচন নিয়ে বিদেশি পর্যবেক্ষকদেরও আগ্রহ রয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এই সদস্য বলেন, “মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা রাজশাহীতে প্রায় ৫০ জন পর্যবেক্ষক নিয়ে নির্বাচন দেখেছেন। তারা সন্তুষ্ট। বিদেশিদের আগ্রহ কম নয়।
“আর এটা আমরা (আওয়ামী লীগ) করতে পারি। এটাই আমাদের সাফল্য।”
