উপজেলা নির্বাচনেও ইসি ব্যর্থ: ফখরুল
জাতীয় নির্বাচনের পর উপজেলা নির্বাচনেও সুষ্ঠু পরিবেশ তৈরি করতে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার সকালে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, “উপজেলা নির্বাচনে যে কেউ প্রার্থী হতে পারে, তা হচ্ছেও। এই নির্বাচন প্রাক্কালে যৌথ বাহিনীর অভিযানের নামে বিরোধী দলের সমর্থিত প্রার্থীদের নির্বাচনী প্রচারে করতে বাধা দিচ্ছে। নেতা-কর্মীদের মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হচ্ছে। বিভিন্ন স্থানে ক্রসফায়ারে হত্যা করা হচ্ছে।”
“আমরা মনে করি, জাতীয় নির্বাচনের মতো উপজেলা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করতে নির্বাচন কমিশন ব্যর্থতার পরিচয় দিয়েছে। এ নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে।”
বুধবার থেকে ছয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হচ্ছে। ৪৮৭ উপজেলার মধ্যে প্রথম দফায় ৯৮ উপজেলায় ১৯ ফেব্রুয়ারি, দ্বিতীয় দফায় ১১৭ উপজেলায় ২৭ ফেব্রুয়ারি এবং তৃতীয় দফায় ৮৩ উপজেলায় ১৫ মার্চ ভোটের দিন ইতোমধ্যে ঘোষণা হয়েছে।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সোমবার বিএনপির সমাবেশে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।ছবি: আসাদুজ্জামান প্রামানিক/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
জাতীয়তাবাদী তাঁতী দলের ৩৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে সংগঠনটির সভাপতি হুমায়ুন ইসলাম খান, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ নেতা-কর্মীদের নিয়ে মির্জা ফখরুল দলের প্রতিষ্ঠাতার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এ সময় তার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন দলের নেতাকর্মীরা।
দ্রুত বিচার আইনের মেয়াদ বৃদ্ধির সমালোচনা করে ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “সরকার দেশে একদলীয় শাসন কায়েমের জন্য নতুন নতুন আইন প্রণয়ন করছে। সন্ত্রাস দমন আইনের মেয়াদ তারই অংশ বিশেষ। এসব আইন গণতন্ত্রের জন্য অন্তরায়।”
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ‘আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন- ২০১৪’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। খসড়ায় ২০১৯ সালের ৭ এপ্রিল পর্যন্ত দ্রুত বিচার আইনের কার্যকাল বাড়ানোর প্রস্তাব করা হয়।
আগামী ৭ এপ্রিল এর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।
বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে ২০০২ সালে দ্রুত বিচার আইন জারি করে দুই বছরের জন্য তা কার্যকর করা হয়। এরপর বিভিন্ন সময়ে এ আইনের মেয়াদ বাড়ানো হয়। সর্বশেষ ২০১২ সালে আরো দুই বছর আইনটি বলবৎ রাখার সিদ্ধান্ত হয়।
