২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিএনপি-জামায়াতের সম্পৃক্ততা খতিয়ে দেখতে হবে’

বাংলাদেশ জিহাদের ডাক দিয়ে আল-কায়েদা নেতা আয়মান আল-জাওয়াহিরির বার্তার সঙ্গে বিএনপি ও জামায়াতে ইসলামীর সম্পৃক্ততা আছে কি না তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2014, 01:13 AM

Updated : 01 Sep 2026, 12:26 PM

রোববার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, ওই বার্তার বক্তব্যের সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভাইস চেয়ারম্যান তারেক রহমান, আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, মানবাধিকারকর্মী আদিলুর রহমান ও জামায়াত নেতাদের কথার হুবহু মিল রয়েছে।

“এর সঙ্গে বিএনপি-জামায়াতের প্রত্যক্ষ-পরোক্ষ সম্পৃক্ততা রয়েছে কি না তদন্ত করে তা বের করতে হবে।”

চাঁদপুর থেকে নির্বাচিত আওয়ামী লীগের এই সাংসদ বলেন, “খালেদা জিয়া দেশের শান্তি চান না। তার কর্মকাণ্ডই এর প্রমাণ। তিনি ও তার স্বামী সব খুনিকে পৃষ্ঠপোষকতা করেছেন। দেশের যা কিছু খারাপ তার সব কিছুর সঙ্গে তারেক জিয়া জড়িত।”

বক্তব্যে মহাজোট সরকারের মন্ত্রী থাকাকালে নিজের কার্যক্রম ও সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন দীপু মনি।

সংসদ সদস্য শিবলী সাদিক, ইউনুস আলী সরকার, হাসিবুর রহমান স্বপন, তাহজিব আলম সিদ্দিকী, তরিকত ফেডারেশনের এম এ আওয়াল ও জাতীয় পার্টির মামুনুর রশীদ এই আলোচনায় অংশ নেন।

বিকালে শুরু হওয়া এ অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।