২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার সঙ্গে হাত মেলান, খালেদাকে নাসিম

জামায়াতে ইসলামীর সঙ্গ ত্যাগ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ‘হাত মেলাতে’ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2014, 11:42 PM

Updated : 01 Sep 2026, 12:26 PM

রোববার জাতীয় সংসদে এক অনির্ধারিত আলোচনায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম এই আহ্বান জানান।

খালেদা জিয়ার উদ্দেশ্যে তিনি বলেন,  “আপনি ভুল স্বীকার করে জামায়াতের সঙ্গ ছেড়ে দিয়ে সুস্থ রাজনীতিতে এসে গণতন্ত্রে অবদান রাখুন। প্রয়োজনে শেখ হাসিনার সঙ্গে হাত মেলান। নইলে ধ্বংস ছাড়া আপনার আর কোনো বিকল্প নেই।”

গত শনিবার আল-কায়েদা নেতা জাওয়াহিরির নাম ও ছবিসহ এক অডিও বার্তায় বাংলাদেশে জিহাদের ডাক দেয়া হয়।

এ নিয়ে মাগরিবের বিরতির পর সংসদে অনির্ধারিত আলোচনায় ক্ষমতাসীন দলের বেশ কয়েক মন্ত্রী ও সাংসদ বক্তব্য রাখেন।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন,  “বিএনপি-জামাত আল-কায়দার দোসর। বিএনপির এক নেতা বলেছে, বাংলাদেশ একটি বিশাল কারাগার। আল-জাওয়াহিরিও এই কথা বলেছে।”

এরপর একে একে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) মহিউদ্দিন চৌধুরী বাদল, তরিকত ফেডারেশনের নেতা নজিবুল বশর, ওয়ার্কার্স পার্টির নেতা সাংসদ ফজলে হোসেন বাদশা বক্তব্য দেন।

নাসিম বলেন, “বাংলাদেশের শান্তি বিনষ্ট করার জন্য আল-কায়দাসহ ধর্মান্ধ জঙ্গি গোষ্ঠী ও বিএনপি-জামায়াত জোট যে চক্রান্ত করছে এ বিষয়ে পার্লামেন্টে আমাদের সিদ্ধান্ত নিতে হবে।”

এ সময় জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার দাবি জানান তরিকত ফেডারেশনের নেতা নজিবুল বশর মাইজভাণ্ডারি।