‘গুম-হত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে হবে’
বিএনপি নেতাকর্মীদের ‘গুম-হত্যা-নির্যাতন’ করা হচ্ছে বলে অভিযোগ তুলে তার বিরুদ্ধে ‘ঐক্যবদ্ধ’ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।
রোববার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে লক্ষ্মীপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান মাহমুদ বিএনপিতে যোগদান করতে আসলে তিনি এই আহ্বান জানান।
খালেদা জিয়া বলেন, “লক্ষ্মীপুরসহ সারা দেশে সরকার তার আইনশৃঙ্খলা বাহিনী র্যাব-পুলিশ-ডিবির মাধ্যমে বিরোধী দলের নেতা-কর্মীদের গুম-হত্যা ও নিপীড়ন-নির্যাতন চালাচ্ছে। দেশব্যাপী এসব গুম-হত্যার দায় সরকারকেই নিতে হবে। একদিন তাদের জবাবদিহি করতে হবে।”
মাহমুদকে বিএনপিতে স্বাগত জানিয়ে তিনি বলেন, “সরকারের অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
অসুস্থতার কারণে খালেদা জিয়া যোগদান অনুষ্ঠানে এসে মাহমুদুব রহমান মাহমুদের কাছ থেকে ফুল নিয়ে দুই মিনিট বক্তব্য রেখে চলে যান।
রাত ৯টার দিকে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে অর্ধ শতাধিক নেতা-কর্মী নিয়ে বিএনপিতে যোগ দেন জাতীয় পার্টি থেকে বেরিয়ে আসা মাহমুদ।
এ সময় অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সাবেক সাংসদ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, এ বি এম আশরাফ উদ্দিন নিজান, লক্ষ্মীপুর জেলা সভাপতি সাবেক সাংসদ আবুল খায়ের ভুইয়া, সাবেক সাংসদ রামগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নাজিম উদ্দিন আহমেদ, জ্যেষ্ঠ সহসভাপতি আবুল কাশেম প্রমুখ উপস্থিত ছিলেন।
মাহমুদুর রহমান মাহমুদ রামগঞ্জ উপজেলা নির্বাচনে ১৯ দলীয় জোটের প্রার্থী হতে পারেন বলে আভাস পাওয়া গেছে।
