২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপজেলা নির্বাচন: পঞ্চম ধাপের তফসিল এ সপ্তাহে

পঞ্চম ধাপে দেশের অর্ধশতাধিক উপজেলার নির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2014, 09:13 PM

Updated : 01 Sep 2026, 12:26 PM

রোববার নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ সাংবাদিকদের বলেন, “চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে পঞ্চম দফায় ভোটগ্রহণের তফসিল চলতি সপ্তাহেই ঘোষণা করা হবে। এরপর বাকিগুলোয় ষষ্ঠ ধাপে নির্বাচন সম্পন্ন করা হবে।”

দেশের ৪৮৭ উপজেলার মধ্যে ইতোমধ্যে চার দফায় ৩৯৪ উপজেলার ভোটের তফসিল দেওয়া হয়।

ইসি কর্মকর্তারা জানান, পঞ্চম ধাপে প্রায় ৭৭টি উপজেলায় ৩১ মার্চ ভোট হতে পারে। এর পর শেষ ধাপের ভোট হতে পারে ৩ মে।

শাহনেওয়াজ বলেন, “যেহেতু এপ্রিল মাসে এইচএসসি পরীক্ষা, তাই মার্চের মধ্যেই আমার উপজেলা নির্বাচন শেষ করতে চাই। তবে পঞ্চম দফাতেও সব উপজেলায় নির্বাচন সম্পন্ন করা যাবে না । কিছু উপজেলার মেয়াদ শেষ হবে আরো পরে।”

সেগুলোতে পরেই নির্বাচন করতে হবে বলে জানান তিনি।

প্রথম ধাপে ৯৮ টি উপজেলায় ভোটের প্রস্তুতি নেয়া হয়েছে। এরমধ্যে আগামী ১৯ ফেব্রুয়ারি ৯৭ উপজেলায় ভোট হবে। এ ধাপের একটি উপজেলার ভোট হবে ২৪ ফেব্রুয়ারি।

এসব নির্বাচনী এলাকায় সোমবার থেকে সেনাসহ আইন-শৃঙ্খলার সদস্যদের স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন শুরু হবে।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় দফায় ১১৭ উপজেলায় ২৭ ফেব্রুয়ারি, তৃতীয় দফায় ৮৩ উপজেলায় ১৫ মার্চ, চতুর্থ দফায় ৯২ উপজেলায় ভোট ২৩ মার্চ । পঞ্চম দফায় ৭৭ টি উপজেলায় ৩১ মার্চ ভোট হবে।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা জানান, আগামী ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ৯৮ টি উপজেলায় সোমবার থেকেই সেনাবাহনী মাঠে থাকবে।

নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেন, “প্রথম ধাপের উপজেলায় সোমবার থেকেই নির্বাচনের দু'দির পর পর্যন্ত সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিয়োজিত থাকবে।”

সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের সঙ্গে সমন্বয় করে সশস্ত্র বাহিনীর সদস্যরা প্রতিটি উপজেলায় ‘নোডাল পয়েন্ট’ এবং অন্যান্য সুবিধাজনক স্থানে অবস্থান নিয়োজিত থাকবে।

এছাড়া উপকূলবর্তী এলাকায় ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে নৌ-বাহিনী দায়িত্ব পালন করবে। বিজিবি, কোস্ট গার্র্ড ও আর্মড পুলিশকেও নির্বাচনী কাজে ‘সজাগ’ থাকতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান কমিশনার শাহনেওয়াজ।

কমিশনের পরিকল্পনা অনুযায়ী, সাধারণ ভোটকেন্দ্রে অস্ত্রসহ পুলিশ একজন, অস্ত্র এবং লাঠিসহ দুইজন আনসার, লাঠিসহ মহিলা-পুরুষ ১০ জন, লাঠিসহ গ্রামপুলিশ একজন করে মোতায়েন থাকবে।

অন্যান্য নিরাপত্তা কর্মীদের সংখ্যা একই রেখে ঝুঁকিপূর্ণ এলাকায় অস্ত্রসহ পুলিশের সংখ্যা একজন করে বাড়ানোর পরিকল্পনা করেছে ইসি।

এছাড়া পার্বত্য, দ্বীপাঞ্চল ও হাওড় এলাকায় সাধারণ ভোটকেন্দ্রে অস্ত্রসহ পুলিশ তিনজন  ও এসব অঞ্চলের ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে অস্ত্রসহ  পুলিশ চারজন করে মোতায়েন থাকবে।

উপজেলা নির্বাচন: তৃতীয় ধাপে মনোনয়নপত্র পড়েছে সাড়ে ১৫শ’