বিএনপিনেতা গয়েশ্বর-সালামের জামিন
পেট্রোল বোমা ছুড়ে যাত্রী ও পুলিশ হত্যাসহ চারটি মামলায় জামিন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান ও অর্থবিষয়ক সম্পাদক আব্দুস সালাম।
রোববার ওই তিন নেতা ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে শুনানি শেষে বিচারক আসাদুজ্জামান নূর জামিন মঞ্জুর করেন।
আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক মাহমুদুর রহমান জানিয়েছেন, আসামিরা শাহবাগ ও রমনা থানার চার মামলার বিভিন্ন হাজিরার দিনের মধ্যে একটি মামলায় সর্বশেষ হাজিরার দিন ৩ মার্চ পর্যন্ত জামিনে থাকবেন।
তবে কেরানীগঞ্জ থানার আরো চারটি মামলায় হাইকোর্ট থেকে জামিনে থাকা আমান মেয়াদ শেষে আদালতে হাজির হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান তাদের আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ।
চুক্তির খসড়া প্রকাশ না হলে হরতাল: গয়েশ্বর
তিনি বলেন, বিএনপির তিন নেতা যেসব মামলায় জামিন পেয়েছেন তার মধ্যে দুটি মামলা আলোচিত।
“এর একটি হচ্ছে শাহবাগে শিশু পার্কের সামনে পেট্রোল বোমা ছুঁড়ে যাত্রী হত্যা। অপরটি হচ্ছে মধ্যরাতে বাংলামোটরে পেট্রোল বোমা ছুঁড়ে পুলিশ কনস্টেবল ফেরদৌস খলিল হত্যা মামলা।”
মেজবাহ বলেন, তারা হাইকোর্টের জামিনে ছিলেন। ওই জামিনের মেয়াদ শেষে তারা রোববার আদালতে আতœসমর্পন করে জামিনের আবেদন করেছিলেন।
গত বছর নভেম্বরে বিরোধী দলের অবরোধ কর্মসূচীর শেষ দিন শাহবাগের শিশুপার্কের সামনে একটি যাত্রাবাহী বাসে ছোঁড়া পেট্রোল বোমায় ১৮ জন দগ্ধ হয়, যাদের মধ্যে দুইজন পরে হাসপাতালে মারা যান।
পরদিন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরো কয়েকজনকে আসামি করে শাহবাগ থানায় মামলা হয়।
ফখরুল ছাড়াও বিএনপি নেতাদের মধ্যে ভাইস-চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, সালাউদ্দিন আহমেদ ও অর্থ বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালামকে মামলায় আসামি করা হয়।
মামলায় বিএনপি নেতাদের ঘটনার উস্কানি ও ইন্ধনদাতা হিসেবে দেখানো হয়।
এছাড়া গত বছরের ২৪ ডিসেম্বর ১৮ দলের পঞ্চম দফা অবরোধ কর্মসূচি শেষে রাত সাড়ে ১১টায় বাংলামোটরে বাপুলিশের রিকুইজিশন করা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় আগুনে পুড়ে মারা যান পুলিশ কস্টেবল ফেরদৌস খলিল।
পরদিন মির্জা ফখরুলসহ ১৮ দলীয় জোটের নেতাকর্মীদের বিরুদ্ধে রমনা থানায় মামলা হয়।
মামলায় ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরো ১৮ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।
মির্জা ফখরুল ছাড়াও মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, সালাউদ্দিন আহমেদ ও আবদুস সালাম এবং জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান ও কেন্দ্রীয় নেতা সফিকুল ইসলাম মাসুদকে মামলার এজাহারে ‘উস্কানিদাতা’ হিসাবে উল্লেখ করা হয়।
