২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্পষ্ট হল, খালেদা আন্তর্জাতিক সন্ত্রাসবাদী চক্রে: মেনন

হেফাজতকে নিয়ে আল কায়েদা নেতা আয়মান আল-জাওয়াহিরির সঙ্গে খালেদা জিয়ার বক্তব্যের মিল রয়েছে দাবি করে বিমানমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন,  এটা বিএনপি চেয়ারপারসনের আন্তর্জাতিক সন্ত্রাসবাদী চক্রের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2014, 06:35 PM

Updated : 01 Sep 2026, 12:26 PM

বাংলাদেশকে হুমকি দিয়ে আইমান আল-জাওয়াহিরির অডিওবার্তা প্রকাশের পরদিন রোববার চট্টগ্রামে সার্কিট হাউসে সাংবাদিকদের একথা বলেন তিনি।

আল-জাওয়াহিরির যে অডিওবার্তা পাওয়া যাচ্ছে ইন্টারনেটে, তাতে গত বছরের হেফাজতকাণ্ডের সূত্র ধরে রাজপথে হাজার হাজার মানুষকে হত্যা করার অভিযোগ আনা হয়েছে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে।

মেনন বলেন, “হেফাজত ইসলাম সম্পর্কে আল কায়েদা যে বক্তব্য দিয়েছে, তার সাথে খালেদা জিয়ার বক্তব্য এক ও অভিন্ন।”

তার দাবি, ৫ মে হেফাজতে ইসলামের ঘটনাবলী সম্পর্কে আল কায়েদা যে বিবৃতি দিয়েছে, তাতে বিএনপি চেয়ারপারসন ও সংগঠনটির আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর সম্পৃক্ততার কথা প্রমাণিত হয়েছে।

হেফাজতে ইসলাম অবশ্য আল কায়েদা গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগ অস্বীকার করেছে। জামায়াতে ইসলামীও তা অস্বীকার করেছে।

আল-জাওয়াহিরির অডিওবার্তায় বাংলাদেশ সৃষ্টির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে ‘ইসলামবিরোধী ষড়যন্ত্রের’ বিরুদ্ধে প্রতিরোধ গড়ার আহ্বান জানানো হয়েছে।

সেইসঙ্গে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামী নেতাদের বিচার নিয়েও জঙ্গি সংগঠনটির ক্ষোভ এতে স্পষ্ট হয়েছে।

মেনন বলেন, “বাংলাদেশকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের লীলা ক্ষেত্র তৈরির যে চেষ্টা আগে করা হয়েছে, তা এখনো বর্তমান রয়েছে।

“এর মধ্যে দিয়ে জামায়াত ইসলামী ও হেফাজত ইসলামের চক্রান্তের বিষয়টি জনগণের সামনে উন্মোচিত হল।”

ওয়ার্কার্স পার্টির সভাপতি মেনন বলেন, “বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে দেশে যে জঙ্গি তৎপরতা শুরু হয়েছিল আমরা তখন বলেছিলাম এর সাথে আন্তর্জাতিক সম্পর্ক রয়েছে।

“কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও পররাষ্ট্রমন্ত্রী মোর্শেদ খান বলেছিলেন, ‘এটা দেশজ। এর সাথে আন্তর্জাতিক কোনো সম্পর্ক নেই’।”

বিমান ও পর্যটন মন্ত্রী মেনন চট্টগ্রামে শাহ আমানত বিমান বন্দর এবং নগরীর স্টেশন রোডে নির্মাণাধীন মোটেল সৈকতের কাজ পর্যবেক্ষণ করেন।

বাংলাদেশে জিহাদের ডাক ‘আল কায়েদার’