২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থায়ী জামিন পেলেন মহিউদ্দিন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় স্থায়ী জামিন পেয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2014, 05:28 PM

Updated : 01 Sep 2026, 12:26 PM

রোববার চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ এসএম আতাউর রহমান সম্পদের তথ্য গোপন ও আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পদ অর্জনের মামলায় মহিউদ্দিনকে স্থায়ী জামিন দেন।

মহিউদ্দিনের আইনজীবী রনি কুমার দে জানান, আইনজীবীর মাধ্যমে তাকে  হাজিরার অনুমতিও দিয়েছে আদালত।

আগামী ২৭ মার্চ মামলার পরবর্তী দিন ঠিক করেছেন বিচারক, বলেন আইনজীবী রনি।

দুদকের এই মামলায় সাক্ষ্য গ্রহণের দিনে হাজির না থাকায় ২৭ জানুয়ারি আদালত মহিউদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল।

পরদিন তিনি একই আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত জামিন দিয়েছিলেন।

২০০৭ সালের ২ ডিসেম্বর দুদকের চট্টগ্রামের তৎকালীন উপপরিচালক আবু মোহাম্মদ আরিফ সিদ্দিকী এ মামলা করেন।

মামলায় মহিউদ্দিনের বিরুদ্ধে দুই কোটি ৩৭ লাখ ৬৫ হাজার ৫০ টাকার সমপরিমাণ সম্পদের তথ্য গোপন এবং এক কোটি ৪৫ লাখ ৮৯ হাজার ৯৫৪ টাকার আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

পরের বছর নভেম্বরে দুদকের উপপরিচালক মোজাম্মেল হোসেন খান এ মামলায় আদালতে অভিযোগপত্র জমা দেন।

২০০৯ সালের ৫ ফেব্রুয়ারি মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

একই বছরের ২০ মে উচ্চ আদালত মামলায় স্থগিতাদেশ দেয়ার আগে নয়জন এ মামলায় সাক্ষ্য দেন।

২০১৩ সালের ৪ এপ্রিল স্থগিতাদেশ উঠে গেলে আবার মামলার বিচার কাজ শুরু হয়।