‘দা-কুড়ালের’ মামলায় খোকার জামিন
দা-কুড়াল নিয়ে নেতা কর্মীদের প্রস্তুতির নির্দেশ দেয়ার অভিযোগসহ মোট তিন মামলায় জামিন পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারমান ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা।
রোববার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমদের বেঞ্চ তিন মামলায় খোকার ৬ মাস করে জামিন মঞ্জুর করে।
আদালতে খোকার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তাকে সহায়তা করেন ব্যারিস্টার সাকিব মাহবুব রাফি, নাঈমা জামান প্রমুখ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান।
নির্বাচনের আগে গত ৪ ডিসেম্বর রাজধানীর উত্তরার একটি বাসা থেকে খোকাকে গ্রেপ্তার করে র্যাব। এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন।
খোকার বিরুদ্ধে বর্তমানে কয়টি মামলা রয়েছে, কয়টিতে তিনি জামিনে রয়েছেন, তা বলতে রাজি হননি মাহবুব উদ্দিন খোকন। এতে সরকার নতুন মামলা দিয়ে দিতে পারে বলে তার আশঙ্কা।
গত ১৪ অক্টোবর মহানগর বিএনপির এক যৌথসভায় নেতা কর্মীদের দা-কুড়াল নিয়ে প্রস্তুত থাকার আহ্বান জানান খোকা।
ওইদিন তিনি বলেন, “পাড়ায়-মহল্লায় নেতা-কর্মীদের ওপর আওয়ামী লীগ হামলা চালালে তার পাল্টা জবাব দেয়া হবে। দা-কুড়াল-বল্লম-লাঠিসোঁটাসহ যা কিছু আছে, তা নিয়ে সবাইকে প্রস্তুত থাকতে হবে।”
পরে যাত্রাবাড়ী এলাকায় নাশকতা ঘটলে দা কুড়ালের বক্তব্য উল্লেখ করে একটি উস্কানির অভিযোগ আনা হয় খোকার বিরুদ্ধে।
১২ নভেম্বর যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া দুই মামলার একটিতে উস্কানির অভিযোগ আনা হয়েছে। অন্যটিতে হেফাজতে ইসলামের গত ৫ মে’র সমাবেশে পানি ও খাবার সরবরাহের অভিযোগ আনা হয়।
গ্রেপ্তারের আগে খোকা এই অভিযোগ অস্বীকার করেছিলেন। হেফাজতের মহাসচিব স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে খোকার পানি সরবরাহ করেছিলেন বলে জানিয়েছিলেন।
এপ্রিলের সমাবেশে বিএনপির প্রতিনিধি দলের সদস্য হিসাবে খোকা হেফাজতের সমাবেশে সংহতি প্রকাশ করেছিলেন।
পুলিশ হত্যা মামলায় খোকা-হান্নান রিমান্ডে
