বিএনপিকে কামরুলের 'ধন্যবাদ'
দেশে শান্তি-শৃংখলা বজায় রেখে 'সুস্থ রাজনীতিতে' আসায় বিএনপিকে ধন্যবাদ জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
শনিবার ঢাকা রিপোটার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি বলেন, "দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায় দশম জাতীয় সংসদ নির্বাচন মেনে নিয়েছে। দেশে বর্তমানে শান্তি-শৃংখলা বিরাজ করছে এটাই তার প্রমাণ। আর তা বজায় রাখার জন্য বিএনপিকে আমি ধন্যবাদ জানাই। ধন্যবাদ এজন্য যে, তারা সুস্থ রাজনীতিতে ফিরে এসেছে।
"তবে বিএনপি কতোদিন এই 'সুস্থ রাজনীতিতে' থাকবে এটাই রহস্যজনক।"
আওয়ামী লীগ নেতা কামরুল বলেন, "বিএনপি নামক দলটি গণতন্ত্রের রক্ষার দাবি করেও কোনো সময় গণতন্ত্রের রক্ষক হতে পারেনি। গণতন্ত্রের নামে তারা মিথ্যাচার করে। তারা ফালু মার্কা, মিরপুরের কামাল মজুমদার ও আজিজ মার্কা নির্বাচন করে আসছে।"
'দেশরত্ন সেবক সংঘের' সভাপতি শ্রী চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে 'দেশ ও জাতির উন্নয়নে শেখ হাসিনার সফল নেতৃত্ব-বিএনপির অপপ্রচার' শীর্ষক ওই আলোচনা সভায় কামরুল ইসলাম ছিলেন প্রধান অতিথি।
