২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আমরা গ্লোবাল ভিলেজের বাসিন্দা, আশরাফ ঠিক বলেননি’

বিভিন্ন দেশের তাগাদার পরেও মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা নাকচ করায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2014, 08:14 PM

Updated : 01 Sep 2026, 12:25 PM

বৃহস্পতিবার রাজধানীতে এক আলোচনায় তিনি বলেন, “গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ সাহেব বলেছেন, ৫ বছরের আগে কোনো নির্বাচন হবে না। তিনি এ কথা কিভাবে বলতে পারেন? তিনি কোনো বিচ্ছিন্ন দ্বীপের মানুষ নন। আমরা এখন গ্লোবাল ভিলেজে বসবাস করি।”

ভোটার ‘ছাড়া’ নির্বাচনে বর্তমান সংসদ চলছে মন্তব্য করে তিনি বলেন, “এর সাংবিধানিক কোনো ভিত্তি নেই।”

সব দলের অংশগ্রহণে একটি ‘গ্রহণযোগ্য’ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান মাহবুবুর রহমান।

তিনি বলেন, “সারা বিশ্ব বলছে, ৫ জানুয়ারি নির্বাচনে ভোটাররা ভোট দিতে যায়নি। বিশ্ববাসী ও বাংলাদেশের ১৬ কোটি মানুষ বলছে, দেশে অতিদ্রুত একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের কথা।”

দ্রুত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সংলাপ শুরুরও দাবি জানান বিএনপির এই নেতা।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সিনেট কমিটির এক শুনানিতে দেশটির সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল বাংলাদেশে সামনে রাজনৈতিক সঙ্কটের আশঙ্কা করে বিএনপিসহ সব দলকে নিয়ে আগাম নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন।

পরদিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেন, সরকারের পাঁচ বছর মেয়াদ পূর্তি শেষে ২০১৯ সালের ২৮ জানুয়ারির পর পরবর্তী নির্বাচন হবে।

এক্ষেত্রে দেশি-বিদেশি কোনো চাপের কাছে আওয়ামী লীগ নতি স্বীকার করবে না বলেও দৃঢ়তার সঙ্গে বলেন তিনি।

আলোচনা সভায় বিএনপি নেতা মাহবুবুর রহমান ‘খোলা মন’ নিয়ে শর্তহীন সংলাপে বসতে সরকারের প্রতি আহ্বান জানান।

“আমি হাত বাড়িয়েছি, আপনি হাত মুঠো করে রাখবেন, তা হয় না। সংলাপ হলে সমাধানে একটা পথ বেরুবে,” বলেন তিনি।

জাতীয় প্রেসক্লাবের সম্মেলন কক্ষে সাংবিধানিক অধিকার ফোরামের উদ্যোগে ‘ভোটারবিহীন নির্বাচনে সৃষ্ট গণতান্ত্রিক সংকট উত্তরণের পথ’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সদস্য সুরঞ্জন ঘোষ।

মুক্তিযোদ্ধা দলের উপদেষ্টা ইসমাইল হোসেন বেঙ্গল, সাবেক ছাত্রনেতা আক্তারুজ্জামান, শাহজাহান সম্রাট, জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ আলোচনায় অংশ নেন।