২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৌদ্ধের জমি ‘দখলে’ হাসিনা মহিউদ্দিন

বন্দর নগরীতে এক বৌদ্ধের বাড়ি দখলের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিনের স্ত্রী নগর মহিলা লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিনের বিরুদ্ধে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2014, 07:04 PM

Updated : 25 Apr 2022, 03:48 PM

এই অভিযোগ এনে বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন কে সি দে সড়কের বাসিন্দা ঝিনু রানী বড়ুয়া।

নগর আওয়ামী লীগ সভাপতি মহিউদ্দিন দাবি করেছেন, এটা পরিবারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার ‘অপপ্রয়াস’। 

কে সি দে সড়কে যে জমি নিয়ে অভিযোগ ঝিনু বড়ুয়া করেছেন, তার পাশের জমিটির মালিক হাসিনা মহিউদ্দিন।

গত ২০ জানুয়ারি ঝিনু বড়ুয়ার মালিকানাধীন জমিতে থাকা দ্বিতল ভবনটি ‘ঝুঁকিপূর্ণ’ ঘোষণা দিয়ে তা উচ্ছেদ করে সিটি কর্পোরেশন।

সেদিন সিসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের জানিয়েছিলেন, নোটিস দিয়ে বাসিন্দাদের সরে যেতে বলার পর ভবনটি উচ্ছেদ করা হয়।

সংবাদ সম্মেলনে ঝিনু রানী বলেন, নগর কর্তৃপক্ষকে ব্যবহার করে হাসিনা মহিউদ্দিন ওই জমিতে থাকা তার বাড়ি উচ্ছেদ করে।

নোটিসের বিষয়ে তিনি বলেন, “আমাকে যে নোটিস দেয়া হয়, তাতে কোনো তারিখ নেই। নোটিস পাওয়ার পর সিসিসি কর্মকর্তাদের সঙ্গে দেখা করলে তারা আমাকে আশ্বস্ত করেন। কিন্তু পরে ঘরটি ভেঙে দেন।”

ঝিনু বড়ুয়া জানান, জমিটি কিনে গত ১৪ বছর ধরে সেখানে বসবাস করে আসছেন তিনি।

“বেশ কয়েক বছর ধরেই হাসিনা মহিউদ্দিন মামলা ও হুমকির মাধ্যমে আমার পরিবারকে হয়রানি করছে। সিসিসি বাড়ি ভেঙে দেয়ার পরও প্রতিনিয়ত তার লোকজন হুমকি দিচ্ছে।”

২০১২ সালের ১৭ নভেম্বর একবার উচ্ছেদের চেষ্টা করা হয় জানিয়ে ঝিনু বড়ুয়া বলেন, তখন তৎকালীন শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়ার হস্তক্ষেপে রক্ষা পান তারা।

“আমার স্বামী অমল বড়–য়া একজন মুক্তিযোদ্ধা। তিনি অত্যন্ত অসুস্থ। আমরা নিরীহ সংখ্যালঘু ও শান্তিপ্রিয় বৌদ্ধ। স্বামীর মুক্তিযোদ্ধা ভাতা ও ভবনের নিচতলায় দুটি দোকানের ভাড়া দিয়ে সংসার চলত। এখন বাস্তুচ্যুত হয়ে খোলা আকাশের নিচে বসবাস করছি।”

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ঝিনু বড়ুয়া জানান, ২০০১ সালের ১৭ জুন তাপস কান্তি চৌধুরীর কাছ থেকে তিনি জমিটি কেনেন।

“হাসিনা মহিউদ্দিনের দাবি, তিনি অংশীদার সূত্রে জমি পাবেন। এজন্য তিনি দুটি মামলা করেছেন। যার একটি ২০০৫ সালে খারিজ হয়ে গেছে, আরেকটি বিচারাধীন আছে।”

এসব বিষয় মহিউদ্দিন চৌধুরীকে জানিয়েছেন কি না- প্রশ্ন করা হলে ঝিনু বড়ুয়া বলেন, একবার ফোন করেছিলাম। কে ফোন ধরেছিল জানি না। ওই ব্যক্তি বলেন- ‘মেয়র সাহেব এসব বিষয় নিয়ে মাথা ঘামান না। আপনারা আইনে যা হয় তাই করেন’।”

সংবাদ সম্মেলনে ঝিনু বড়ুয়ার সঙ্গে বাংলাদেশ মাইনরিটি বুডিস্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান দ্বিপানন্দ ভিক্ষু, হিমু বড়–য়া ও অময় বড়–য়াও ছিলেন।

ঝিনু বড়ুয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে মহিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার ও আমার পরিবারের ভাবমূর্তি ক্ষুণ্ণের জন্য নানা চেষ্টা চলছে বহুদিন ধরে।  এটাও তার একটা অংশ বলে মনে করি।”

জমি সংক্রান্ত বিষয়ে কোনো মন্তব্য না করে তিনি বলেন, “এটা আইনি বিষয়। আইন অনুযায়ীই সব হবে।”