খালেদার সঙ্গে বৈঠকে বসছেন মজীনা
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডাব্লিউ মজীনা।
মঙ্গলবার রাত ৮টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সাক্ষাতের সময়সূচি নির্ধারিত হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন দলের সহসভাপতি সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী।
তবে বৈঠকের কারণ সম্পর্কে তিনি কিছু বলেননি।
দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে গত ৩১ ডিসেম্বর গুলশানের বাসায় খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন ড্যান মজীনা। এরপর এটি মজীনার প্রথম সাক্ষাৎ।
নতুন সরকার গঠন হওয়ার পর যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন, চীনের রাষ্ট্রদূত লি জুন, অস্ট্রেলিয়ার হাইকমিশনার গ্রেগ উইলকক, সুইডেনের রাষ্ট্রদূত অ্যানিলি লিন্ডাল ক্যানি, ভারতের হাইকমিশনার পংকজ শরণ, সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন নাসের আল বুশাইরী, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত সাঈদ বিন হাজর আল শেহি প্রমূখ রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন।
