২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দমন-পীড়নে সঙ্কট বাড়ছে: খালেদা

দমন-পীড়ন চালিয়ে সরকার রাজনৈতিক পরিস্থিতিকে আরো সঙ্কটের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2014, 10:19 PM

Updated : 01 Sep 2026, 12:24 PM

১৯ দলীয় জোটের অন্যতম শরিক ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবদুল লতিফ নেজামীকে আটকের নিন্দা জানিয়ে সোমবার রাতে এক বিবৃতিতে তিনি এই অভিযোগ করেন।

লতিফ নেজামীকে সকালে পুলিশ ওয়ারি থানায় ধরে নিয়ে যায়। দেড় ঘণ্টা আটকে রেখে পরে তাকে ছেড়ে দেয়া হয়।

খালেদা বলেন, “প্রহসনের নির্বাচনে ক্ষমতায় বসে অবৈধ সরকার বিরোধী জোটের নেতা-কর্মীদের হত্যা, গুম, নির্যাতন করার পাশাপাশি মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করছে। এ থেকে জাতীয় নেতারাও রেহাই পাচ্ছে না।

“জোর করে ক্ষমতা ধরে রাখতে সরকার ইচ্ছাকৃতভাবেই অরাজক পরিস্থিতি তৈরি করছে বলে আমরা মনে করি।”

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরে রাতে পাঠানো ওই বিবৃতিতে খালেদা জিয়া অবিলম্বে লতিফ নেজামীকে মুক্তি দেয়ার দাবি জানান; যদিও তিনি সকালেই ছাড়া পান।

সরকার সমালোচকদের মুখ বন্ধ করতে নানামুখী অত্যাচার চালিয়ে সারাদেশে এক ভয়াবহ আতঙ্কের পরিবেশ তৈরি করেছে বলেও অভিযোগ করেন বিএনপি চেয়ারপারসন।

বিরোধী দলের নেতাদের নিয়ে অরুচিকর বক্তব্যও দেয়া হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, এর মধ্য দিয়ে রাজনৈতিক সংস্কৃতিকে পঙ্কিলতার আবর্তের মধ্যে ঠেলে দেয়া হয়েছে।

“মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিন। নিজেদের সংযত করুন। নইলে জনগণের ক্রোধ থেকে রেহাই পাবেন না,” সরকারকে হুঁশিয়ার করেন তিনি।