সাংবাদিকদের ‘সামনে’ আসছেন এরশাদ
দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ নিয়ে নানা নাটকীয়তার পর প্রথমবারের মতো এক অনুষ্ঠানে সাংবাদিকদের সামনে আসছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মাদ এরশাদ।
আগামী বুধবার গুলশানের একটি কমিউনিটি সেন্টারে দলের সাংগঠনিক জেলার জেলা প্রতিনিধিদের সঙ্গে বর্ধিত সভায় সভাপতিত্ব করবেন তিনি।
জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রচার সম্পাদক জাহিদ হোসেন বিপ্লব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্যার আগামী ১২ ফেব্রুয়ারি পার্টির নেতা কর্মী ও সাংবাদিকদের সামনে বক্তব্য দেবেন।”
বার বার সিদ্ধান্ত পরিবর্তনের জন্য দেশের রাজনৈতিক অঙ্গনে ‘ধোঁয়াশাময় চরিত্র’ হিসাবে পরিচিত এরশাদ ভোট বর্জনের ঘোষণা দিয়ে নির্বাচন পর্যন্ত সেই সিদ্ধান্তে অটল থাকেন। তবে ‘আইনের মারপ্যাঁচে’ তার প্রত্যাহারপত্র গৃহিত না হওয়ায় রংপুর-৩ আসন থেকে ভোটে জিতে যান আশির দশকে নয় বছর দেশ শাসন করা এরশাদ।
গত ১২ ডিসেম্বর র্যাবের পাহারায় সম্মিলিত সামরিক হাসপাতালে যাওয়ার পর এক মাস সেখানেই ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান। ১১ জানুয়ারি অনেক রাখঢাকের মধ্যে জাতীয় সংসদে গিয়ে সাংসদ হিসাবে শপথ নেন তিনি।
শপথ অনুষ্ঠানে স্পিকারের এক প্রশ্নের জবাবে এরশাদ বলেন, “রংপুরের মানুষ ভোট দিয়েছে। আসতে হল।”
ফাইল ছবি
পরদিন প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে নিযোগ পেয়ে বাড়ি ফেরেন এরশাদ।
এরপর দলের বিভিন্ন কর্মসূচি এবং সংরক্ষিত মহিলা আসনে প্রার্থী মনোনয়ন সংক্রান্ত একাধিক বৈঠকে উপস্থিত থাকলেও এরশাদ সাংবাদিকদের মুখোমুখী হননি।
তার ঘনিষ্ঠ হিসাবে পরিচিতি দলের এক নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাসপাতাল থেকে ‘ছাড়া পাওয়ার’ পর ‘উপরের নির্দেশে’ সংবাদ মাধ্যমের সামনে আসা থেকে বিরত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান।
“তবে এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় তিনি আবার সংবাদ মাধ্যমের সামনে আসার সিদ্ধান্ত নিয়েছেন।”
এ প্রসঙ্গে জানতে চাইলে জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তোমরা তো জানোই, স্যার তোমাদের কত ভালবাসেন। আগামী বুধবারের কর্মসূচিতে স্যার আসবেন, দলের নেতা কর্মী ও তোমাদের উদ্দেশ্য দুটো কথা বলবেন- এই আর কি।”
দশম জাতীয় সংসদের প্রথম দিনের অধিবেশনে উপস্থিত থাকলেও পরে আর কোনোদিন এরশাদকে দেখা না যাওয়ার কারণ জানতে চাইলে হাওলাদার বলেন, “বিশেষ কোনো কারণ নেই। সামনে গুরুত্বপূর্ণ বৈঠক থাকলে অবশ্যই তিনি উপস্থিত থাকবেন।”
