সরকার মানলে সংলাপ: হানিফ
মধ্যবর্তী নির্বাচন দেয়ার কোনো কারণ ঘটেনি মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বর্তমান সরকারকে মেনে নিলে তবেই বিএনপির সঙ্গে সংলাপ হতে পারে।
শনিবার কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের এক কর্মীসভার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, যেসব বিদেশি সংস্থা জরিপ করে ‘সরকারের বিরুদ্ধে মতামত ব্যক্ত করেছে’ তারাই এখন জরিপ করে সরকারের আইন শৃংখলা রক্ষা ও অর্থনৈতিক ‘অগ্রগতির পক্ষে’ শতকরা ৮৫ ভাগ মানুষের সমর্থনের কথা বলছে।
“কাজেই সরকারের এখনই মধ্যবর্তী নির্বাচন নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই।”
বিএনপির সঙ্গে সংলাপ প্রসঙ্গে এই সংসদ সদস্য বলেন, “সরকারের বৈধতার প্রশ্নে আগে বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে। এই সরকারকে বৈধ মেনে তাদের কোনো প্রস্তাব থাকলে আলোচনা হতে পারে; অন্যথায় নয়।”
এ সরকারকে মানতে না চাইলেও আসন্ন উপজেলা নির্বাচন নিয়ে বিএনপি ‘কোমর বেঁধে নেমেছে’ বলেও তিনি মন্তব্য করেন।
উপজেলা নির্বাচনে প্রার্থিতা প্রসঙ্গে দলীয় নির্দেশনার কথা জানিয়ে হানিফ বলেন, “দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করলে শৃঙ্খলাভঙ্গের জন্য সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।”
জামায়াতে ইসলামীর বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “জামায়াত ইতোমধ্যে সন্ত্রাসী দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। জামায়াত নিষিদ্ধের ব্যাপারে আদালতের মামলা রয়েছে। মামলার নিষ্পত্তি হলে সারাদেশের জনগণ জামায়াতকে নিষিদ্ধের যে দাবি করছে তা বাস্তবায়িত হবে।”
জেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মণ্ডলের সভাপতিত্বে কুড়িগ্রাম সাধারণ পাঠাগার চত্বরে এ কর্মীসভায় সাবেক মন্ত্রী মো. ফারুক খান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, সংসদ সদস্য দেওয়ান শফিউল আরেফিন টুটুল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাফর আলী বক্তব্য দেন।
