২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘দশ ট্রাক অস্ত্র মামলায় রেহাই নেই খালেদারও’

দশ ট্রাক অস্ত্র চোরাচালান ঘটনার পুনঃতদন্ত হলে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও তার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানও রক্ষা পাবেন না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2014, 09:01 PM

Updated : 01 Sep 2026, 12:23 PM

এজন্য তাদের আইনের আওতায় আনতে এ ঘটনার পুনঃতদন্ত দাবি করেন আওয়ামী লীগের এই সাংসদ।

শুক্রবার সন্ধ্যায় রংপুর টাউন হলে মহানগর আওয়ামী লীগের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।

হানিফ বলেন, “দশ ট্রাক অস্ত্র চোরাচালান ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার দায় থেকে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও তার ছেলে বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান রক্ষা পাবেন না। পুনঃতদন্তের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় আনা হবে। এজন্য দ্রুত তদন্তের দাবি জানাচ্ছি।”

সম্প্রতি দশ ট্রাক অস্ত্র চোরাচালান মামলার রায়ে সাবেক বিএনপি নেতৃত্বের জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীসহ ১৪ জনের মৃত্যুদণ্ড হয়।

হানিফ বলেন, দশ ট্রাক অস্ত্রের চালান যখন ধরা পড়ে তখন রাষ্ট্র ক্ষমতায় ছিল বিএনপি-জামায়াত জোট। খালেদা জিয়া তখন প্রধানমন্ত্রী। অস্ত্রের চালান ধরার পর সামরিক গোয়েন্দা বিভাগ বিষয়টি খালেদা জিয়াকে অবহিত করে।

“কিন্তু তিনি কোনো ব্যবস্থা না নিয়ে পুরো বিষয়টি আওয়ামী লীগের উপর চাপানোর ষড়যন্ত্র করেন। কারণ অস্ত্রের এই চালানের বিষয়টি তারেক রহমানের জানা ছিল। তারেক রহমান হাওয়া ভবন থেকে পুরো বিষয়টি নিয়ন্ত্রণ করছিলেন। ফলে খালেদা জিয়া বিষয়টি জানার পরও চুপ ছিলেন।”

মামলার রায়ে লুৎফুজ্জামান বাবর ও তৎকালীন শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামীসহ ১৪ জনের ফাঁসির আদেশ হয়। রায়ে খালেদা জিয়ার সম্পৃক্ত থাকার কথাও উল্লেখ করা হয়, বলেন হানিফ।

মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমানের সভাপতিত্বে কর্মীসভায় দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাংসদ ফারুক খান, সাংগঠনিক সম্পাদক সাংসদ খালিদ মাহমুদ চৌধুরী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দেওয়ান শরিফুল আরেফিন টুটুল, উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, মহানগর সম্পাদক তুষার কান্তি মন্ডল, প্রচার সম্পাদক রেজাউল ইসলাম মিলন বক্তব্য দেন।

দেশব্যাপী দলকে শক্তিশালী করার কেন্দ্রীয় উদ্যোগের অংশ হিসেবে কেন্দ্রীয় নেতারা রংপুরে এ কর্মীসভা করেন।