দশম জাতীয় সংসদ কার্যকর হবে: স্পিকার
দশম জাতীয় সংসদ কার্যকর ও সব আলোচনার কেন্দ্রবিন্দু হবে বলে আশাপ্রকাশ করেছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
শুক্রবার দুপুরে চট্টগ্রামে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “নির্বাচন হয়েছে পাঁচ বছরের জন্য। গণতন্ত্র্র্র্রের অভিযাত্রায় যতদূর সম্ভব সংসদ প্রাণবন্ত এবং অবশ্যই কার্যকর হবে।”
এর আগে নগরীর পতেঙ্গায় বোট ক্লাবের কনভেশন হলে রোটারি ডিস্ট্রিক্ট (৩২৮২) বাংলাদেশের দুদিনব্যাপী জেলা কনফারেন্স উদ্বোধন করেন স্পিকার।
ফাইল ছবি
তিনি বলেন, “জনগণের প্রত্যাশা অনুযায়ী জীবন মান উন্নয়ন ও আইনের শাসন প্রতিষ্ঠার উদ্যোগ নিয়ে সংসদ কাজ করবে। বিরোধী দল গঠনমূলক সমালোচনা করবে। কোনো কোনো ক্ষেত্রে তাদের সঙ্গে ঐকমত্যও হবে।”
দ্বিতীয়বার স্পিকার হওয়ায় সরকারি দল ও বিরোধী দলের সকল সাংসদকে ধন্যবাদ জানান স্পিকার।
“জাতীয় সংসদ হবে সকল আলোচনার কেন্দ্রবিন্দু। সেই ক্ষেত্র তৈরির লক্ষ্যেই কাজ করব।”
বিএনপির সঙ্গে আলোচনার উদ্যোগ নেয়ার বিষয়ে জানতে চাইলে জবাব এড়িয়ে যান শিরিন শারমিন।
উদ্বোধনী অনুষ্ঠানে দারিদ্র্য দূরীকরণ, দূর্যোগ ব্যবস্থাপনা, মা ও শিশু স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে রোটারি ক্লাবের উদ্যোগের প্রশংসা করেন তিনি।
স্পিকার বলেন, “মানব সেবাই রোটারিয়ানদের মূল লক্ষ্য। এক সঙ্গে কাজ করলে অবশ্যই প্রত্যাশিত পরিবর্তন আমরা আনতে পারব।”
জেলা গর্ভনর মো. আমিনুজ্জামান ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বগত বক্তব্য রাখেন কনফারেন্স কমিটির চেয়ারম্যান মিজানুর রহমান, রোটারি ইন্টারন্যশনাল প্রেসিডিন্টের প্রতিনিধি ভারতের কেশব শঙ্কর পিল্লাই, প্রধান উপদেষ্টা ও সাবেক মন্ত্রী এল কে সিদ্দিকী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ এম এ লতিফ, ড. জামিলুর রেজা চৌধুরী, নগর আওয়ামী লীগ সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী, আওয়ামী লীগ নেতা ইসহাক মিয়া ও চট্টগ্রামের জেলা প্রশাসক আব্দুল মান্নান।
আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক
পরে চট্টগ্রাম আওয়ামী লীগ নেতাদের সাথে বৈঠক করেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী।
বৈঠকে চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম ও পরিচালক মাহফুজুল হক শাহ উপস্থিত ছিলেন।
বৈঠকে চট্টগ্রামের শিল্প খাতে গ্যাস সংকট বিষয়ে স্পিকারকে অবহিত করেন সাংসদ এম এ লতিফ। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনতে স্পিকারকে অনুরোধ করেন এ সাংসদ।
স্পিকার বলেন, “চট্টগ্রামে গ্যাসের সংকট আছে। সামগ্রিক জ্বালানি নীতি প্রণয়নে বিষয়টি যাতে গুরুত্ব পায় সে চেষ্টা করব।”
বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এবিএম মহিউদ্দিন চৌধুরী, নগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আজম নাছির উদ্দিন, দক্ষিণ জেলার সভাপতি মোসলেম উদ্দিন আহাম্মদ ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উত্তর জেলার সভাপতি নুরুল আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক এম এ সালাম।
