‘রাজনৈতিক প্রতিহিংসার বলি’ ১৪ হাজার গাছ
রাজনৈতিক ডামাডোলে গত এক বছরে শুধু বন বিভাগেরই ১৪ হাজার গাছ কাটা পড়েছে বলে সংসদে জানিয়েছেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।
এভাবে গাছ কাটা ঠেকাতে এই সংক্রান্ত আইন আরো কঠোর করার পক্ষে অবস্থান জানিয়েছেন শেখ হাসিনার সরকারে থাকা জাতীয় পার্টির (জেপি) প্রধান।
তিনি বলেন, “বর্তমানে বৃক্ষ নিধনকারীদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনেই ব্যবস্থা গ্রহণ হচ্ছে। তবে প্রচলিত আইনের বিধান বিধান আরও কঠোর করা যেতে পারে।”
নির্বাচন বর্জনকারী বিএনপি নেতৃত্বাধীন জোটের হরতাল-অবরোধের মধ্যে দেশের বিভিন্ন স্থানে গাছ কেটে সড়কে ফেলে চলাচল প্রতিবন্ধকতা তৈরি করা হয়।
এছাড়া হেফাজতে ইসলামীর তাণ্ডবের সময়ও কেটে ফেলা হয় অসংখ্য গাছ।
সংসদে এক প্রশ্নের জবাবে আনোয়ার হোসেন বলেন, সম্প্রতি হরতাল ও অবরোধের মতো রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যাপকভাবে সারাদেশে নির্বিচারে বৃক্ষ নিধনের ঘটনা ঘটেছে।
“গত এক বছরে বন বিভাগের ১৪ হাজার ২৭০টি গাছ রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছে। এ বিষয়ে সারা দেশে ১৪২টি মামলা হয়েছে।”
বন বিভাগ ছাড়াও সড়ক ও জনপথ, স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগ, সিটি করপোরেশন, ইউনিয়ন পরিষদ এবং বিভিন্ন এনজিওর বিপুল পরিমাণ গাছও কাটা হয়েছে বলে জানান মন্ত্রী।
এর আগে বিগত সংসদে তৎকালীন পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ জানিয়েছিলেন, হরতাল-অবরোধে গত বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত বন অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন ১০ হাজার ৪২টি গাছ কাটা হয়েছে।
‘১৮ দলের রোষের শিকার ১০ হাজার গাছ’
