১০ ট্রাক অস্ত্র: খালেদারও বিচার চাইলেন শেখ সেলিম
প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়া ১০ ট্রাক অস্ত্রের চালানের বিষয়ে জানতেন দাবি করে তার বিচার চেয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
বহুল আলোচিত এই মামলার রায়ের পর মঙ্গলবার সংসদে দাঁড়িয়ে এই দাবি তোলেন সরকারদলীয় এই সংসদ সদস্য। তাকে সমর্থন জানান আরো কয়েকজন সংসদ সদস্য।
খালেদার সরকারের মন্ত্রী মতিউর রহমান নিজামী ও প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৪ জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়ে গত বৃহস্পতিবার দেয়া আদালতের রায়ে তৎকালীন প্রধানমন্ত্রীর নীরবতার বিষয়টিও উঠে আসে।
এরপর বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এই রায়ের পর এখন খালেদা জিয়া ও তারেক রহমানকে মামলায় জড়ানোর চেষ্টা চলছে।
বিএনপিবিহীন সংসদে অনির্ধারিত আলোচনার জন্য দাঁড়িয়ে শেখ সেলিম বলেন, “তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া এই বিষয়ে ওয়াকিবহাল ছিলেন। তিনি তা জানতেন। “এই বিষয়ে তারও বিচার হওয়া উচিত। তিনি কোনোভাবেই দায় এড়াতে পারে না। বাবরের যদি বিচার হয়। তারও হওয়া উচিত।”
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, “খালেদা জিয়া তখন প্রতিরক্ষামন্ত্রী ছিলেন। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তিনি এর দায় এড়াতে পারেন না। যদি সাপ্লিমেন্টারি চার্জশিট হয়- তাহলে তিনি প্রধান আসামি হবেন।”
খালেদার ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেও রায়ের পর এখন সরকারি দলের নেতাদের উচ্চকণ্ঠ হওয়ার সমালোচনা করেন প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ চৌধুরী।
“তখন কেন বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়নি? বিচার হয়ে যাওয়ার পর কেন সস্তা বুলি আওড়ানো হচ্ছে।”
সশস্ত্র বাহিনী গোয়েন্দা পরিদপ্তরের মহাপরিচালক অস্ত্রের চালান আটকের পর তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে জানিয়েছিলেন বলে রায়ে উঠে এসেছে।
এই বিষয়টি তুলে ধরে শেখ সেলিম বলেন, “খালেদা জিয়া যে এর সঙ্গে জড়িত, এতে তা প্রমাণ হয়ে যায়। “বিএনপি-জামাত সরকারের মদদে এই অস্ত্র আনা হয়। যদি না রাষ্ট্রের প্রধান জড়িত না থাকত, তাহলে এত বড় অস্ত্র আনা সম্ভব ছিল না।”
প্রতিবেশী দেশের বিদ্রোহী দল উলফার জন্য আনা ওই অস্ত্রের সঙ্গে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সম্পৃক্ততা দেশের নিরাপত্তাকেও প্রশ্নবিদ্ধ করেছে, বলেন শেখ সেলিম।
“যদি এই অস্ত্র উলফার হাতে যেত, তা হলে আমরা তো চোরাকারবারী দেশ হিসাবে পরিচিত হয়ে থাকতাম। এই অস্ত্র রাজনৈতিক কাজেও ব্যবহার হত।”
খালেদা-তারেককে জড়ানো উদ্দেশ্যমূলক: নোমান
