২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমঝোতার জন্য অপেক্ষা অনির্দিষ্টকাল নয়: খালেদা

নির্দলীয় সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবিতে আহ্বান উপেক্ষা হলে আন্দোলনের কর্মসূচি ঘোষণার ইঙ্গিত দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। 

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2014, 06:01 PM

Updated : 01 Sep 2026, 12:21 PM

ওয়েস্টিন হোটেলে মঙ্গলবার সংবাদ সম্মেলনে খালেদা জিয়া। ছবি: আসাদুজ্জামান প্রামানিক/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ওয়েস্টিন হোটেলে মঙ্গলবার সংবাদ সম্মেলনে খালেদা জিয়া। ছবি: আসাদুজ্জামান প্রামানিক/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এক মাসে খুন-গুম ৩০০ নেতা-কর্মী: খালেদা

তবে দল গোছানোর জন্য কিছুটা সময় নিচ্ছেন বলেও মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন তিনি।

ওয়েস্টিন হোটেলে ওই সংবাদ সম্মেলনে ৫ জানুয়ারির ভোটের আগে-পরে এক মাসে খুন-গুমের একটি পরিসংখ্যান তুলে ধরার পাশাপাশি নির্বাচন নিয়েও কথা বলেন খালেদা।

৫ জানুয়ারির নির্বাচনের নামে জনগণকে ‘প্রতারিত’ করা হয়েছে দাবি করে আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, প্রতারণার পর তাদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না।

ওই নির্বাচনের বলে গঠিত সরকারকে ‘অবৈধ’ আখ্যায়িত করে খালেদা বলেন,“রাজনীতি ও ইতিহাস সম্পর্কে আমার যতটুকু জ্ঞান আছ, তাতে এটুকু বুঝি যে এই অন্যায় শাসন প্রলম্বিত হবে না। জনগণ এই স্বৈরশাসন মেনে নেবে না।

“আমরাও অনির্দিষ্টকালের জন্য সংলাপ ও সমঝোতার আহ্বান জানিয়ে যাব, এমনটা ভাবার কোনো কারণ নেই। তাই সময় থাকতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছি।”

নতুন নির্বাচনের জন্য বিএনপি নেতৃত্বাধীন ১৯ দলীয় জোট কোনো দিনক্ষণ বেঁধে দেবে কি না- প্রশ্ন করা হলে তিনি বলেন, এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য সরকারকে আহ্বান জানাচ্ছেন তারা।

তা না হলে বিএনপি কবে থেকে জোরদার আন্দোলনে যাবে- জানতে চাইলে খালেদা সরকারের দমন-পীড়নের কথা তুলে ধরে বলেন, দল গুছিয়ে অচিরেই কর্মসূচি দেয়া হবে।

বিএনপিবিহীন নির্বাচনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমঝোতা হলে আগাম নির্বাচনের ইঙ্গিত দিলেও বিএনপিকে জামায়াতে ইসলামীর সঙ্গ এবং সহিংসতা ছাড়ার শর্ত দিয়েছেন।

জামায়াত ছাড়ার বিষয়ে সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নে খালেদা বলেন, তার দল কার সঙ্গে জোট করবে সে বিষয়ে আওয়ামী লীগের বলার কিছু নেই।

এই প্রসঙ্গে ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবিতে জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের আন্দোলনের কথাও তুলে ধরেন বিএনপি চেয়ারপারসন।

দশম সংসদ নির্বাচনে না যাওয়া ভুল সিদ্ধান্ত ছিল কি না- জানতে চাইলে তিনি বলেন, “নির্বাচনে না যাওয়াটা সঠিক সিদ্ধান্ত ছিল। আমরা কোনো ভুল করিনি,  ভুল করেছে সরকার, অবৈধ সরকার।”

১৯৭৫ সালে বাকশাল গঠনের কথা উল্লেখ করে খালেদা বলেন, “একই ধারায় ভোট ছাড়াই অবৈধ তামাশার সরকার গঠন করেছে। এরা কেউ নির্বাচিত নয়।

“এই সরকার ও সংসদ যে গণতান্ত্রিক হতে পারে না, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।”

সংসদ নির্বাচন বর্জন করলেও আসন্ন উপজেলা নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে বিএনপি চেয়ারপারসন বলেন, “আমরা জাতীয় নির্বাচন নিয়ে আন্দোলন করেছি, যে নির্বাচনে সরকার পরিবর্তন হয়। উপজেলা একটি স্থানীয় সরকার নির্বাচন। এটা দলীয় নয়।”

নিউ ইয়র্কভিত্তিক ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের জরিপের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, “৫ জানুয়ারির নির্বাচনে ৫ ভাগ ভোটারও আসেনি। সব দল ওই নির্বাচনে অংশ নিলে আমরা দুই-তৃতীয়াংশ মেজরিটি নিয়ে আসতাম। কোন সংস্থা কী জরিপ করেছে, তার কোনো মূল্য নেই।”

খালেদা জিয়া নেতা-কর্মীদের গ্রেপ্তার-হয়রানি বন্ধ, মামলা প্রত্যাহার, বন্ধ গণমাধ্যম খুলে দেয়াসহ নেতাকর্মীসহ আটক সাংবাদিকদের মুক্তি দাবি করেছেন।

একই সঙ্গে ঢাকায় রাজনৈতিক সমাবেশের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে দেয়ার দাবিও জানান তিনি।

চিহ্নিত সন্ত্রাসীদের কারাগার থেকে ছেড়ে দেয়া হচ্ছে অভিযোগ করে এই ‘ভয়ঙ্করও ঘৃণ্য’ প্রক্রিয়া বন্ধের আহ্বানও জানান তিনি।

গুলশানের ওয়েস্টিন হোটেলে এই সংবাদ সম্মেলন বিএনপিবিহীন দশম সংসদ নির্বাচনের পর তার দ্বিতীয় সংবাদ সম্মেলন।

সর্বশেষ গত ১৫ জানুয়ারি ওয়েস্টিন হোটেলে সংবাদ সম্মেলনে নির্দলীয় সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন খালেদা।

একই সঙ্গে সংলাপের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বানও জানিয়েছিলেন তিনি।