২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রশাসন দিয়ে কর্মসূচি বানচাল’

বিএনপি ও শরিকদের কর্মসূচি বানচাল করতে সরকার নিজেদের ‘সাজানো প্রশাসন’কে ব্যবহার করছে বলে অভিযোগ করেছে দলটি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2014, 03:40 PM

Updated : 25 Apr 2022, 03:46 PM

সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ করে শিগগিরই সরকারের বিরুদ্ধে ‘দুর্বার’ আন্দোলন শুরু হবে বলে হুঁশিয়ারি দেন।

সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার পূর্ব নির্ধারিত সমাবেশের জন্য পুলিশের অনুমতি না পাওয়ার প্রতিক্রিয়া জানাতে আয়োজিত এই ব্রিফিংয়ে রিজভী মঙ্গলবার রাজধানীর সব থানা এলাকায় বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন।

সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের তারিখ এর আগে দুইবার পেছানো হয়।

প্রথম দফায় একুশে বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানের কারণে ১ ফেব্রুয়ারি এবং পরদিন বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতের কারণ দেখিয়ে দ্বিতীয় দফা সমাবেশের তারিখ পেছানো হয়।

শনিবার ঘোষণা করা হয়েছিল, সোমবার সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশটি দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। কিন্তু রাত পর্যন্ত মহানগর পুলিশের অনুমতি পায়নি বিএনপি।

রিজভী বলেন, সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশের জন্য তারা অনেক আগেই মহানগর পুলিশকে চিঠি দিলেও তারা অনুমতি দেয়নি।

“প্রতিদিন নির্মম নিষ্ঠুরতায় বিরোধীদলের কর্মসূচিকে বানচাল করতে সাজানো প্রশাসনকে সরকার বেপরোয়াভাবে ব্যবহার করছে।”

তিনি বলেন, “সরকারকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, মানুষের বাক-ব্যক্তি ও বিবেকের স্বাধীনতাকে কঠিন লৌহ শৃঙ্খলে বন্দি রাখার অপচেষ্টা কখনোই সফল হবে না। আমাদের আন্দোলন অব্যাহতভাবে চলছে। অল্প কিছু দিনের মধ্যেই আবারো দুর্বার আন্দোলন আমরা শুরু করব।”

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ওপর ছাত্রলীগের হামলার নিন্দা জানিয়ে ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাবেক ভিপি রিজভী বলেন, “ঘটনার পর প্রধানমন্ত্রী, তথ্যমন্ত্রী ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মৌনতা অবলম্বন করছেন। মনে হয় দলীয় পাণ্ডাদের এহেন কীর্তিতে তারা গর্ব অনুভব করছেন। আমরা এ ধরনের হামলা ও সরকারের নিরবতায় তীব্র নিন্দা ও প্রতিবাদ  জানাচ্ছি।”

সারাদেশে ‘গুম’ ও ‘ক্রসফায়ারে’ মানুষ হত্যা চলছে অভিযোগ করে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, “আমরা বলে দিতে চাই, এভাবে সন্ত্রাস ও হত্যাযজ্ঞ চালিয়ে অবৈধ সরকার টিকে থাকতে পারবে না। আন্দোলনকেও তারা স্থিমিত করতে পারবে না।”

দলের শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) সভাপতি এম এ মালেক, যুব দলের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম আজাদ, মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি আবুল হোসেন, মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল খান সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।