২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অনুপ্রবেশকারীদের’ তালিকা হচ্ছে: কাদের

সরকারের নতুন মেয়াদে ‘অনুপ্রবেশকারী চাঁদাবাজ ও সন্ত্রাসীদের’ তালিকা করা হচ্ছে বলে জানালেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2014, 03:11 PM

Updated : 01 Sep 2026, 12:21 PM

সাধারণ শিক্ষার্থীদের ওপর সরকারসমর্থক ছাত্রলীগের কর্মীদের দফায় দফায় হামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়ার পরদিন সিলেটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

যোগাযোগমন্ত্রী বলেন, “সরকার চলতি মেয়াদে চাঁদাবাজ ও সন্ত্রাসী জঙ্গীবাদী- এইসব কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। আমরা চাঁদাবাজ সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করছি।”

কাদের বলেন, “সরকারের তরফ থেকে নির্দেশ দেয়া হয়েছে, সন্ত্রাস চাঁদাবাজির সঙ্গে যারা জড়িত, তাদের তালিকা প্রস্তুত করার জন্য, অনতিবিলম্বে তাদের বিরুদ্ধে শুদ্ধি অভিযান পরিচালিত হবে, প্রশাসনিকভাবে কঠোর ব্যবস্থা নেয়া হবে।”

সোমবার দুপুর সাড়ে ১২টায় সিলেটের কাজিরবাজার সেতুর নির্মাণকাজ পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী ।

তিনি বলেন, এতোদিন বিএনপি বলে আসছিল ‘অবৈধ’ সরকারের সঙ্গে আলোচনা করবে না। তারা নির্বাচন কমিশনারকেও মেরুদণ্ডহীন বলেছিল।

“কিন্ত আশার কথা হচ্ছে, বিএনপি আসন্ন উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করে বর্তমান সরকারকে মেনে নিয়েছে।”

এ বিষয়টি ‘গণতন্ত্রের জন্য সুখকর’ মন্তব্য করে বিএনপির সিদ্ধান্তকে স্বাগত জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, “বিএনপি এখন আর মধ্যবর্তী নির্বাচন চায় না, তারা একাদশ সংসদ নির্বাচনের জন্য আগ্রহী। এখন দেখা যাক, সময় আর পরিস্থিতি কখন এই নির্বাচনের জন্য প্রস্তত হয়।’’

যোগাযোগমন্ত্রী ‘হরতালসহ নেতিবাচক রাজনীতি থেকে’ বিএনপি-জামায়াত জোটকে সরে আসার আহবান জানান।

তিনি বলেন, “হরতাল ফ্লপ করেছে, ব্যর্থ প্রমাণ হয়েছে। জনগণ এখন আর আন্দোলন চায় না, তারা ইতিবাচক রাজনীতি চায় “

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সংসদ সদস্য মাহমুদ উস সামাদ কয়েস, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন কামরানসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা এ সময় উপস্থিত ছিলেন।