‘অবৈধ’ ভোটের পর বেড়েছে নির্যাতন: বিএনপি
ক্রসফায়ারের সাম্প্রতিক ঘটনাগুলোকে বিরোধী দল নিশ্চিহ্নের পরিকল্পনা অংশ দাবি করে তা বন্ধ করতে সরকারকে হুঁশিয়ার করেছে বিএনপি।
একুশের বইমেলার উদ্বোধন অনুষ্ঠানের কারণে একদিন পেছানো বিক্ষোভ সমাবেশ রোববার সোহরাওয়ার্দী উদ্যানে হবে বলেও জানিয়েছে দলটি।
শনিবার এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “৫ জানুয়ারির ভোটারবিহীন নির্বাচনের পর থেকে অবৈধ সরকার বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর নিপীড়ন-নির্যাতনের মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে।
“বিভিন্ন স্থানে বেছে বেছে নেতা-কর্মীদের ধরে নিয়ে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হচ্ছে। আমরা বলে দিতে চাই, হত্যাকাণ্ড যারা ঘটাচ্ছে, অপকর্ম যারা করছে, এসব ঘটনার জন্য একদিন অবশ্যই তাদের বিচারের মুখোমুখি হতে হবে।”
“ক্রসফায়ারের এই মহাউৎসব বন্ধ করতে হবে। নইলে আমরা চুপ করে বসে থাকব না,” সরকারের উদ্দেশে বলেন এই বিএনপি নেতা।
নির্বাচনের আগে গ্রেপ্তার রিজভী কারামুক্তির পর শনিবার দ্বিতীয়বারের মতো নয়া পল্টনে সংবাদ সম্মেলনে এলেন। গত ৩০ নভেম্বর তাকে এই কার্যালয় থেকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল।
পরে হরতাল-অবরোধের কয়েকটি মামলায় আসামি করা হয় সাবেক এই ছাত্রনেতাকে। সব মামলায় জামিন নিয়ে গত বৃহস্পতিবার মুক্তি পান তিনি।
সোহরাওয়ার্দী উদ্যানে রোববার সমাবেশ করতে ঢাকা মহানগর পুলিশের কাছে অনুমতি চেয়ে চিঠি পাঠানো হয়েছে বলে রিজভী জানান।
“এখনো অনুমতি পাইনি। আশা করছি, সমাবেশের অনুমতি পাব। কাল (রোববার) সোহরাওয়ার্দি উদ্যানে সমাবেশ আমরা করব।”
বিএনপিবিহীন নির্বাচনে গঠিত সংসদের যাত্রা শুরুর দিন ২৯ জানুয়ারি কালো পতাকা মিছিলের কর্মসূচি ছিল বিএনপির। ওই কর্মসূচিতে বাধার প্রতিবাদে ১ ফেব্রুয়ারি সারাদেশে বিক্ষোভ কর্মসূচি দেয়া হয়।
তবে ১ ফেব্রুয়ারি শনিবার একুশের গ্রন্থমেলার উদ্বোধন অনুষ্ঠানের জন্য ঢাকায় কর্মসূচি স্থগিত করে বিএনপি। তবে দেশের অন্য স্থানে কর্মসূচি বহাল ছিল।
রিজভী অভিযোগ করেছেন, রাজশাহী, নারায়ণগঞ্জ, শরীয়তপুর, নড়াইলসহ বিভিন্ন স্থানে কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে, হামলা চালিয়েছে।
সংবাদ সম্মেলনে রিজভীর সঙ্গে ছিলেন বিএনপির সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম, আসাদুল করীম শাহিন, সদ্য কারামুক্ত নির্বাহী কমিটির সদস্য বেলাল আহমেদ, কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক তকদির হোসেন মো. জসিম, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মীর নেওয়াজ আলী প্রমুখ।
