হরতাল পিছিয়েছে জামায়াত
দশ ট্রাক অস্ত্র মামলায় দলের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডের প্রতিবাদে ডাকা সোমবারের হরতাল পিছিয়েছে জামায়াতে ইসলামী।
বিশ্ব এজতেমাফেরত মুসল্লিদের গন্তব্যে ফেরা এবং স্বরস্বতী পূজার কারণে বৃহস্পতিবার ওই হরতাল পালন করবে বলে এক শনিবার এক বিবৃতিতে জানিয়েছে দলটি।
জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান বিবৃতিতে বলেন, “বিশ্ব এজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মুনাজাত শেষে মুসল্লিদের নিজেদের গন্তব্যে ফেরার স্বার্থে ও হিন্দু সম্প্রদায়ের স্বরস্বতী পূজার কারণে ঘোষিত হরতাল কর্মসূচি ৩ ফেব্রুয়ারি সোমবারের পরিবর্তে আগামী ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার পালিত হবে।”
তবে সোমবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালিত হবে বলে বিবৃতিতে বলা হয়।
শুক্রবারও এক বিবৃতি দিয়ে সোমবারের সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেয় জামায়াত, যা বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর প্রথম হরতাল।
বিবৃতিতে বলা হয়, “সরকার জামায়াতে ইসলামীর আমির ও সাবেক মন্ত্রী মতিউর রহমান নিজামীকে অত্যন্ত পরিকল্পিতভাবে হত্যার গভীর ষড়যন্ত্র করছে। সরকার তাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য তার বিরুদ্ধে মিথ্যা, কাল্পনিক অভিযোগ দায়ের করে বিচারের নামে প্রহসনের আয়োজন করে।”
২০০৪ সালে চট্টগ্রামের সিইউএফএল জেটিঘাটে দেশের সবচেয়ে বড় অস্ত্রের চালান আটকের ঘটনায় সম্পৃক্ততার দায়ে তখনকার জোট সরকারের শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী এবং তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবরসহ ১৪ আসামিকে বৃহস্পতিবার ফাঁসির আদেশ দেয় চট্টগ্রামের একটি আদালত।
আদালতের আদেশের পর এক বিবৃতিতে জামায়াতের পক্ষ থেকে এ রায়কে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করা হয়।
এর এক দিনের মাথায় শফিকুর রহমানের বিবৃতিতে বলা হয়, “সরকারের উদ্দেশ্যই হলো, যে কোনো উপায়ে মাওলানা নিজামীকে হত্যা করা। সরকারের এই ষড়যন্ত্রের প্রতিবাদে আমরা ৩ ফেব্রুয়ারি সোমবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণ সর্বাত্মক হরতাল কর্মসূচি ঘোষাণা করছি।”
একাত্তরে হত্যা-নির্যাতনের মতো মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে আরেকটি মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায়ের অপেক্ষায় রয়েছে।
সাবেক এই মন্ত্রীকে ২০১১ সালের ৪ মে দশ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় করা দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তবে তিনি অন্য মামলায় আগে থেকেই গ্রেপ্তার ছিলেন।
মামলার শুনানিতে তখনকার শিল্প সচিব শোয়েব আহমদ ও বিসিআইসির সাবেক চেয়ারম্যান ইমামুজ্জামান যে জবানবন্দি দিয়েছেন, তাতে ১০ ট্রাক অস্ত্র পাচারের ঘটনায় নিজামীর সম্পৃক্ততার বিষয়টি উঠে আসে।
