২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় পার্টি নিয়ে সার্কাস দেখাচ্ছে সরকার: ফখরুল

‘একতরফা’ নির্বাচনের মাধ্যমে গঠিত দশম সংসদে জাতীয় পার্টিকে নিয়ে সরকার সার্কাস দেখাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2014, 08:43 PM

Updated : 01 Sep 2026, 12:20 PM

একইসঙ্গে নির্বাচনে না যাওয়া ঘোষণা দিয়ে শেষে তাতে অংশ নেয়ায় জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের সমালোচনা করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, “সরকার জাতীয় পার্টিকে নিয়ে খেলা শুরু করেছে। সংসদে গৃহপালিত বিরোধী দলের নামে এখন জাতীয় পার্টিকে নিয়ে সার্কাস দেখাচ্ছে।

“এরশাদ বলেছিলেন, ‘আমি নির্বাচনে যাবো না, নির্বাচনে গেলে জনগণ আমাকে থুথু দিবে।’ তারপরও নির্লজ্জের মত তিনি নির্বাচনে গেলেন। জনগণ এখন তাকে থুথু বাবা বলে ডাকে। তার ছবি দেখলে সবাই এখন থুথু নিক্ষেপ করে।”

শুক্রবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট ঈদগাঁ মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “দশম জাতীয় সংসদ নির্বাচনে জনগণ ভোট দেয় নাই। ভোটকেন্দ্রে পুলিশ ছিল, সরকারি কর্মকর্তা ছিল। কিন্তু ভোটার ছিল না, কেন্দ্রে শুধু কুকুর ঘুড়াঘুড়ি করেছে। এজন্যই সরকার ক্ষিপ্ত হয়ে জনগণের উপর চড়াও হয়েছে।”

নির্বাচন পরবর্তী সাম্প্রদায়িক হামলার বিষয়ে বিএনপি নেতা বলেন, “আওয়ামী লীগ সাম্প্রদায়িকতাকে পুঁজি করে রাজনীতি করে। বিএনপি বা ১৯ দলের কেউ সাম্প্রদায়িক হামলার সাথে জড়িত নয়। অতীতে আমরা একসাথে বসবাস করে এসেছি, কখনো এমন ঘটনা ঘটেনি।

তিনি বলেন, “আওয়ামী লীগের আমলেই সাম্প্রদায়িকতার সৃষ্টি হয়। যারা সাম্প্রদায়িক হামলার গুজব রটায় তারাই হামলার সাথে জড়িত।”

মির্জা ফখরুল বলেন, “রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিরোধী নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে। র‌্যাব, পুলিশ ও সাদা পোশাকধারীদের দিয়ে গ্রেপ্তার করে, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে সারাদেশে এক অশান্তিকর পরিস্থিতির সৃষ্টি করেছে সরকার।

“আমরা বারবার বলেছি যে, আমরা শান্তিময় পরিবেশ চাই, শান্তিময় রাজনীতি করতে চাই, সকলকে নিয়ে শান্তিতে বসবাস করতে চাই।”

তিনি দাবি করেন, শেখ হাসিনার অধীনে নির্বাচিত সরকারকে বিশ্বের কোনো দেশ সমর্থন করেনি।

“তারা বারবার বলেছে এ নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। তারা পুনরায় একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠ নির্বাচন দাবি করেছে।”

নির্বাচনের পর সদর উপজেলার ঢোলারহাট ছাড়াও নিমবাড়ি ও ভেলাজানসহ কয়েকটি এলাকায় নির্বাচনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন মির্জা ফখরুল।

ঢোলার হাট ইউনিয়ন সভাপতি আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিএনপির ঠাকুরগাঁও জেলা সাধারণ সম্পাদক তৈমুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ মাসুদ ও আনসারুল ইসলাম ও সদর থানা সভাপতি আনোয়ার হোসেন লালসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।