সংসদে নেই বিএনপি, স্বস্তি নেই সরকারে: কাদের
বিএনপির মতো একটি বড় দল দশম জাতীয় সংসদে না থাকায় সরকারের ভেতরে অস্বস্তি কাজ করছে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, “বিএনপি নির্বাচনও করেনি, আন্দোলনও সফল করতে পারেনি। বিএনপির মতো একটি বড় দল জাতীয় সংসদে না থাকায় স্বস্তি বোধ করছে না সরকার।
“বিএনপি সরকারি দলে না হোক বিরোধী দলে আসন নেয়ার মত তাদের অবস্থান ছিল।”
শুক্রবার দুপুরে ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পরিদর্শনের সময় এসব কথা বলেন তিনি।
ফাইল ছবি
আওয়ামী লীগনেতা ওবায়দুল কাদের বলেন, গত ৫ জানুয়ারি নির্বাচনে অংশগ্রহণ না করা বিএনপির জন্য একটি মারাত্মক ভুল ছিল। বিএনপির আন্দোলন আজ রাজনৈতিক চোরাবালিতে হারিয়ে গেছে।
“বিএনপি সরকারকে বলছে অবৈধ। অথচ উপজেলা নির্বাচনে অংশ নিতে আসছে। আমরা তাদেরকে স্বাগত জানাই।”
এর আগে যোগাযোগমন্ত্রী ৫ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে নির্মিত ত্রিশাল-সুতিয়া ব্রিজ উদ্বোধন করেন।
সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার, ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক টিটু ও ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি শামীম আজাদ আনোয়ার।
