দেশে এখন জঙ্গি শাসন: বিএনপি
বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে দেশে ‘জঙ্গি শাসন’ চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি।
নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম তৌহিদের বন্দুকযুদ্ধে নিহত হওয়ার পর বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করে তারা।
বিচারবর্হিভূত হত্যাকাণ্ডের জন্য নোয়াখালীর পুলিশ সুপার আনিসুর রহমানকে অভিযুক্ত করে তার বরখাস্ত দাবি করেছে বিএনপি।
নয়া পল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন বলেন, “রাজনৈতিক উদ্দেশ্যে সারাদেশে ক্রস ফায়ার ও বিচারবহির্ভূতভাবে বিরোধী দলের নেতা-কর্মীদের হত্যা করা হচ্ছে। আমরা মনে করি, বিচারবহির্ভূত এসব হত্যাকাণ্ড ‘জঙ্গি শাসনের’ নামান্তর ছাড়া আর কিছুই নয়।”
বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশন,অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং বাংলাদেশ মানবাধিকার কমিশনকে সোচ্চার হওয়ার আহ্বানও জানান তিনি।
নিজ নির্বাচনী এলাকার স্থানীয় নেতা তৌহিদ হত্যাকাণ্ডকে রাজনৈতিক অভিহিত করে সাবেক সাংসদ খোকন বলেন, “জেলা পুলিশ সুপারের নির্দেশে এই হত্যাকাণ্ডটি ঘটেছে। এই হত্যাকাণ্ডের পেছনে সোনাইমুড়ি ও চাটখিলের ২/৩ জন আওয়ামী লীগের নেতাকর্মী জড়িত আছে বলে তৌহিদের পরিবার দাবি করেছে।
“আমি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির কাছে দাবি জানাচ্ছি, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পুলিশ সুপারসহ অন্যান্য আইন-শৃংখলা বাহিনীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিন।”
বৃহস্পতিবার ভোরে নোয়াখালীর সোনাইমুড়িতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে স্থানীয় বিএনপি নেতা তৌহিদ নিহত হন।
১০ ট্রাক মামলার রায়ে প্রতিক্রিয়া নেই
সংবাদ সম্মেলনে ১০ ট্রাক মামলার বিষয়ে বিএনপির প্রতিক্রিয়া জানতে চাইলে যুগ্ম মহাসচিব খোকন বলেন, “আজকের সংবাদ ব্রিফিং আমার নির্বাচনী এলাকার ক্রসফায়ারে হত্যাকাণ্ড প্রসঙ্গে। এ বিষয়ের বাইরে আমি কোনো প্রশ্নের জবাব দেব না।”
বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র আটকের মামলার রায়ে বৃহস্পতিবার ১৪ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়, যার মধ্যে বিএনপি আমলের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরও রয়েছেন।
বিএনপি-জামায়াত জোট সরকার আমলে ২০০৪ সালে ওই অস্ত্র আটকের সময় তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া নীরব ছিলেন বলেও রায়ের পর্যবেক্ষণে উঠে এসেছে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, সহ-দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম, আসাদুল করীম শাহিন, যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মীর নেওয়াজ আলী, ব্যারিস্টার রাকিব রউফ চৌধুরী প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।
নোয়াখালীতে ‘বন্দুকযুদ্ধে’ বিএনপি নেতা নিহত
