ফখরুলকে গ্রেপ্তার না করার আদেশ স্থগিত
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তিন মামলায় পুলিশ প্রতিবেদন না পাওয়া পর্যন্ত গ্রেপ্তার বা হয়রানি না করতে হাই কোর্টের দেয়া আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ।
রাষ্ট্রপক্ষের আপিলের আবেদন গ্রহণ করে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেয়।
এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আপিল শোনার জন্য আগামী ১৮ ফেব্রুয়ারি দিন রেখেছে আদালত।
আদালতে ফখরুলের পক্ষে শুনানি করেন এজে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন ও মাহবুব উদ্দিন খোকন।
অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তাকে সহায়তা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. একরামুল হক টুটুল।
দলীয় কার্যালয়ে বিএনপির সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
একরামুল হক টুটুল পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মির্জা ফখরুলকে গ্রেপ্তার বা হয়রানি না করার নির্দেশ আপিল বিভাগ স্থগিত করেছে। জামিনের আদালতে এ ধরনের আদেশ দেয়া যায় না- এই যুক্তিতে আদালত লিভ টু আপিল মঞ্জুর করেছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ফৌজদারি কার্যবিধিতে পুলিশকে আসামি গ্রেপ্তারের ক্ষমতা দেয়া হয়েছে। সেই ক্ষমতায় পুলিশ চাইলে এ সব মামলায় এখন ফখরুলকে গ্রেপ্তার করতে পারবে।
গত ১৬ জানুয়ারি ফখরুলের একটি আবেদনের শুনানি করে হাই কোর্টের একটি বেঞ্চ তাকে গ্রেপ্তার বা হয়রানি না করার ওই আদেশ দিয়েছিল।
১৮ দলের পঞ্চম দফা অবরোধ কর্মসূচি শেষ হওয়ার পর ২৫ ডিসেম্বর রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর বাংলা মোটর পুলিশবক্সের সামনে পুলিশের রিকুইজিশন করা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে পুলিশ কনস্টেবল মো. ফেরদৌস খলিল (৩৫) নিহত হন। পরদিন মির্জা ফখরুলকে উস্কানিদাতা হিসাবে উল্লেখ করে রমনা থানায় মামলা হয়।
এর আগে বিরোধী দলের ৭১ ঘণ্টা অবরোধের শেষে ২৯ নভেম্বর রাজধানীর শাহবাগে বাসে ছোড়া পেট্রোল বোমায় ১৮ জন দগ্ধ হন, যাদের মধ্যে তিনজন পরে হাসপাতালে মারা যান। এ ঘটনায়ও উস্কানি ও ইন্ধনদাতা হিসাবে মির্জা ফখরুলের নাম উল্লেখ করে পরদিন শাহবাগ থানায় মামলা হয়।
আর ৩০ নভেম্বর মালিবাগে গাড়ি পোড়ানোর ঘটনায় পরদিন রমনা থানায় মামলা হয়। এ মামলায়ও উস্কানিদাতা হিসাবে ফখরুলের নাম রয়েছে।
এই তিন মামলায় ‘গ্রেপ্তার বা হয়রানি’ এড়াতে হাই কোর্টে আবেদন করেন ফখরুল।
এই তিন মামলার বাইরে অন্য এক মামলায় গত ২০ জানুয়ারি ফখরুলকে জামিন দেয় হাই কোর্ট।
