২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রায় শুনতে আদালতে মহিউদ্দিন চৌধুরী

আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলার ‘রায় জানতে’ চট্টগ্রাম আদালত ভবনে এসেছিলেন নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2014, 05:27 PM

Updated : 01 Sep 2026, 12:19 PM

বৃহস্পতিবার বেলা সোয়া বারটার দিকে মহিউদ্দিন চৌধুরী নতুন আদালত ভবনের নিচে যান এবং কিছুক্ষণ অবস্থান করেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমানসহ কয়েকজন নেতাকর্মীও এ সময় তার সঙ্গে ছিলেন।

আদালত প্রাঙ্গণে কিছু সময় কাটিয়ে তারা নিচতলার এক নম্বর মিলনায়তনে গিয়ে বসেন। রায় ঘোষণার পর দুপুর ১টার দিকে এই আওয়ামী লীগ নেতারা আদালত এলাকা ত্যাগ করেন।

দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আলোচিত এ মামলার রায় জানতেই আদালত ভবনে যাওয়া, অন্যকিছু নয়।’’

বিগত চার দলীয় জোট সরকারের সময় ২০০৪ সালে এপ্রিলে চট্টগ্রামের সিইউএফএল জেটিঘাটে যখন দশ ট্রাক পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ আটক হয়, মহিউদ্দিন সে সময় চট্টগ্রামের মেয়র।

চাঞ্চল্যকর এ মামলার রায়ে তখনকার সরকারের শিল্পমন্ত্রী জামায়াতের আমির মতিউর রহমান নিজামী এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবরসহ ১৪ আসামিকে বৃহস্পতিবার মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

এই রায় প্রত্যাখান করে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীরা দুপুরে আদালত ভবন এলাকায় সমাবেশ ও মিছিল করে।