বিরোধী দল নিয়ে আশাবাদী স্পিকার
সংসদে বিরোধী দলের আসনে বসা জাতীয় পার্টি সরকারের ‘গঠনমূলক’ সমালোচনা করে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
দশম সংসদের স্পিকার নির্বাচিত হওয়ার পরদিন বৃহস্পতিবার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান শিরীন শারমিন চৌধুরী। এ সময় ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়াও উপস্থিত ছিলেন।
ফাইল ছবি
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্পিকার শিরীন শারমিন বলেন, “বিরোধী দল সরকারের গঠনমূলক সমালোচনা করবে বলে আশা করি।
“সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে সরকারি ও বিরোধী দলের মধ্যে সুসম্পর্ক থাকবে।”
বিএনপিবিহীন দশম জাতীয় সংসদের যাত্রা শুরু হয় বুধবার।
এই সংসদের বিরোধী দল জাতীয় পার্টির কয়েক নেতা মন্ত্রিসভায়ও রয়েছেন। বুধবারই টানা দ্বিতীয় দফায় স্পিকার নির্বাচিত হন শিরীন শারমিন। ডেপুটি স্পিকার নির্বাচিত হন গাইবান্ধার সাংসদ ফজলে রাব্বী মিয়া।
বিএনপিবিহীন সংসদ পরিচালনার অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইলে স্পিকার বলেন, “সাংবিধানিক ও আইনি কাঠামোর মধ্য দিয়ে নির্বাচন হয়েছে। নবম ও দশম সংসদের কম্পোজিশন আলাদা।
“এই নব পথচলায় মূল কাজ হলো জনগণের প্রত্যাশা অনুযায়ী সংসদে ভূমিকা রাখা। আশাকরি সরকারি ও বিরোধী দল যে যার অবস্থানে থেকে গঠনমূলক ভূমিকা রাখবে।”
দশম জাতীয় সংসদ ‘গণতন্ত্রের অভিযাত্রায় নব সংযোজন’ বলেও মন্তব্য করেন শিরীন শারমিন।
দশম সংসদের প্রথম অধিবেশন বাংলাদেশের সংসদীয় ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা বলে মন্তব্য করেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।
তিনি বলেন, “গত সংসদে বিরোধী দল কখনো বাজেট পেশ কিংবা রাষ্ট্রপতির ভাষণের সময় উপস্থিত ছিল না।
“গতকাল বিরোধী দল পুরো সময় রাষ্ট্রপতির বক্তব্য শুনেছেন। বিরোধী দলের নেতা সুন্দর বক্তব্য দিয়েছেন।”
বিএনপিবিহীন সংসদ সম্পর্কে অভিজ্ঞতা জানতে চাইলে তিনি বলেন, “বিএনপি সংসদে আসলো কি আসলো না সেটা নিয়ে জনগণের কিছু আসে যায় না, গণতন্ত্রের কিছু আসে যায় না। দেশ এগিয়ে যাবে।”
এ সময় সংসদের হুইপরাও উপস্থিত ছিলেন।
