ফের সংবাদ সম্মেলনে আসছেন খালেদা
দুই যুগেরও বেশি সময় পর বিএনপিকে বাইরে রেখেই দশম জাতীয় সংসদের যাত্রা শুরুর পর আবারো সংবাদ সম্মেলনে আসছেন খালেদা জিয়া।
কয়েকদিনের মধ্যেই এ সংবাদ সম্মেলন হবে বলে জানিয়েছেন বিএনপির মুখপাত্র ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, “সরকার সারাদেশে গুপ্তহত্যা চালিয়ে যাচ্ছে। প্রতিদিন ক্রসফায়ার চলছে। বিরোধী দলের ওপর নির্যাতন অতীতের রেকর্ড ছাড়িয়ে গেছে।”
এসব বিষয়সহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে দলের চেয়ারপারসন খালেদা জিয়া সাংবদিকদের সামনে কথা বলবেন বলে জানান ফখরুল।
সর্বশেষ গত ১৫ জানুয়ারি ওয়েস্টিন হোটেলে সংবাদ সম্মেলন করেন খালেদা জিয়া।
বিএনপির বর্জনের মধ্যে গত ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচন হয়ে যাওয়ার পর সেটিই ছিল খালেদার প্রথম সংবাদ সম্মেলন।
সেদিন তিনি নির্দলীয় সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এবং একই সঙ্গে সংলাপের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।
