৩ ফেব্রুয়ারি সিপিবি-বাসদের ‘স্থানীয় সরকার ক্ষমতায়ন দিবস’
জাতীয় নির্বাচনে না থাকলেও আসন্ন উপজেলা নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেয়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) আগামী ৩ ফেব্রুয়ারি ‘স্থানীয় সরকারের ক্ষমতায়ন দিবস’ হিসাবে পালন করবে বলে জানিয়েছে।
উপজেলা নির্বাচনে যাচ্ছে সিপিবি-বাসদ
বুধবার পুরানা পল্টনের মুক্তি ভবনে এক সংবাদ সম্মেলনে সিপিবি সভাপতি মুজাহেদুল ইসলাম সেলিম বলেন, ১৯ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া উপজেলা পরিষদ নির্বাচনে তারা ‘সম্মিলিতভাবে’ প্রার্থী দেবেন।
“আওয়ামী লীগ ও বিএনপি বলয়ের বাইরে অন্যান্য বামপন্থী, প্রগতিশীল ব্যক্তিদের সঙ্গে আলোচনার মাধ্যমে সম্মিলিত প্রার্থী দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।”
নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনকে ‘টাকার খেলা’ ও ‘পেশী শক্তির দাপট’ বন্ধের উদ্যোগ নেয়ার আহবান জানান তিনি।
“স্থানীয় সরকারের বিষয়টি সরকার ও রাষ্ট্রীয় ব্যবস্থার ‘গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণের’ কর্তব্যের সঙ্গে সম্পর্কিত। এজন্য প্রয়োজন রাষ্ট্রের ক্ষেত্রে গণতান্ত্রিক শাসন ব্যাবস্থার নিশ্চয়তা।”
সেলিম বলেন, “উপজেলা পরিষদসহ স্থানীয় সরকারের হাতে বাস্তব ক্ষমতা ও কর্তৃত্ব নিশ্চিত করা হয়নি। স্থানীয় সরকারের উপরে এখনো এমপিতন্ত্র ও আমলাতন্ত্রের কর্তৃত্ব রয়েছে। স্থানীয় সরকারকে ক্ষমতাহীন এবং কেন্দ্রীয় সরকারের ওপর নির্ভরশীল করে রাখার বিষয়টি সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন।”
আগামী ৩ ফেব্রুয়ারি ‘স্থানীয় সরকারের ক্ষমতায়ন দিবস’ পালনের ঘোষণা দিয়ে তিনি জানান, ওইদিন বিকাল সাড়ে ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সিপিবি-বাসদ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে।
এছাড়া সারাদেশে জেলা-উপজেলায় বিক্ষোভ-সমাবেশ, মানববন্ধন, মিছিলসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালিত হবে।
বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সিপিবির প্রেসিডিয়াম সদস্য হায়দার আকবর খান রনো, বাসদের বজলুর রশীদ ফিরোজ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবার ছয় ধাপে উপজেলা নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
প্রথম দফায় ১৯ ফেব্রুয়ারি ১০২টি এবং ২৭ ফেব্রুয়ারি ১১৭টি উপজেলায় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
