২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদ বসার দিনে ১৯ দলের কালো পতাকা মিছিল

‘একতরফা’ নির্বাচনের মাধ্যমে গঠিত দশম সংসদের প্রথম অধিবেশনের দিন সারাদেশে কালো পতাকা মিছিল করবে বিএনপির নেতৃত্বাধীন ১৯ দলীয় জোট।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2014, 12:29 PM

Updated : 01 Sep 2026, 12:19 PM

পুলিশের অনুমতি না পাওয়ায় রাজধানীতে কেন্দ্রীয় কর্মসূচি দিতে না পারলেও জোটের নেতা-কর্মীরা ওয়ার্ডে ওয়ার্ডে কালো পতাকা প্রদর্শন করবেন বলে ইতোমধ্যে ঘোষণা দেয়া হয়েছে।

বুধবার সন্ধ্যায় বসতে যাচ্ছে বিএনপিবিহীন দশম সংসদ। এই সংসদকে ‘অবৈধ’ আখ্যায়িত করে গত ১৫ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে রাজধানীসহ সারাদেশে এই কালো পতাকা মিছিলের কর্মসূচি দেন জোটের নেতা খালেদা জিয়া।

বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত  আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রহসনের নির্বাচনে বির্তকিত যে সংসদ বসতে যাচ্ছে, তার প্রতিবাদ জানাতে আমরা আজ সারাদেশে কালো পতাকা হাতে মিছিল করব।

“আমরা মনে করি, এই সংসদের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই। কারণ এই সংসদের জনপ্রতিনিধিদের দেশের মানুষ ভোট দেয়নি।”

রিপন জানান, কেন্দ্রীয় কর্মসূচির জন্য তারা নয়া পল্টন ও সোহরায়ার্দী উদ্যান থেকে মিছিল করার অনুমতি চেয়েছিলেন। কিন্তু সরকারের পক্ষ থেকে অনুমতি দেয়া হয়নি।

তারপরও রাজধানীর ১০০টি ওয়ার্ডে বিকালে জোটের নেতা-কর্মীরা কালো পতাকা প্রদর্শন করবে জানিয়ে তিনি বলেন, “শান্তিপূর্ণভাবে নেতা-কর্মীদের অবস্থান নিয়ে কর্মসূচি পালন করতে নির্দেশ দেয়া হয়েছে।”