ঢাবি শিক্ষকদের সঙ্গে খালেদার বৈঠক
বিএনপি সমর্থক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বৈঠক করেছেন খালেদা জিয়া।
মঙ্গলবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হয়।
৫ জানুয়ারির নির্বাচন বর্জন, চলমান আন্দোলন ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ওপর পেশাজীবী সংগঠনগুলোর সঙ্গে মতবিনিময়ের ধারাবাহিকতায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে শিক্ষকরা খালেদা জিয়া শিক্ষকদের কাছে থেকে বর্তমান পরিস্থিতিতে করণীয় বিষয়ে মতামত শোনেন।
বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার, সদরুল আমীন, জিন্নাতুন নেসা তাহমিনা বেগম, তাজমেরী এস এ ইসলাম, সুকোমল বড়–য়া, শিক্ষক সমিতির সহসভাপতি আখতার হোসেন খান, সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামসহ শতাধিক শিক্ষক বৈঠকে অংশ নেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠকে উপস্থিত ছিলেন।
এর আগে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া সম্মিলিত পেশাজীবী পরিষদ, ডক্টরস অ্যাসোসিয়েশন ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাদের সঙ্গে বৈঠক করেন।
