সংসদে সামনের সারিতে জাতীয় পার্টির ৫ আসন
দশম সংসদের সামনের সারিতে পাঁচটি আসন জাতীয় পার্টি পাচ্ছে বলে জানিয়েছেন প্রধান হুইপ আ স ম ফিরোজ।
বিএনপিবিহীন সংসদের প্রধান বিরোধী দলের আসনের বিষয়ে সোমবার জাতীয় সংসদ ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
আওয়ামী লীগ নেতা ফিরোজ বলেন, গত সংসদে বিরোধী দল পাঁচটি আসন পেয়েছিল। এবারও বিরোধী দল একইরকম আসন পাবে।
“যদিও সংখ্যানুপাতে বিরোধী দলের সামনের সারিতে চারটি আসন পাওয়ার কথা।”
নবম সংসদে বিরোধী দল বিএনপিকে সামনের সারিতে ‘কম’ আসন দেয়া হয় অভিযোগ করে সংসদ থেকে ওয়াক আউট করে তারা।
দশম সংসদের বিরোধী দল জাতীয় পার্টি পাঁচটি আসনে ‘সন্তুষ্ট’ থাকবে কি না- জানতে চাইলে ফিরোজ বলেন, “আমাদের সিদ্ধান্তে আশা করি তারা আস্থাশীল থাকবেন, বিব্রত হবেন না।”
নবম সংসদে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া ছাড়াও মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, সালাউদ্দিন কাদের চৌধুরী ও এম কে আনোয়ার সামনের সারিতে আসন পেয়েছিলেন।
এক প্রশ্নের জবাবে ফিরোজ বলেন, “জাতীয় পার্টি থেকে এবার মন্ত্রিসভায় সদস্য আছে। সে হিসেবে আরো একটি আসন দেয়া হতে পারে।”
বিরোধী দল থেকে মন্ত্রিসভায় যোগ দেয়ার কারণে ‘কার্যকর’ বিরোধিতা হবে কি না- জানতে চাইলে প্রধান হুইপ বলেন, “শুধু বিরোধিতার খাতিরে বিরোধী দল এখন সারা পৃথিবীতে খুবই কম আছে। আশা করি তারা সরকারের গঠনমূলক সমালোচনা করবেন।”
