২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যবসায়ী হত্যার প্রতিবাদে রাঙ্গুনিয়ায় একজোট আ. লীগ-বিএনপি

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি নেতারা এক হয়ে দুই কাঠ ব্যবসায়ীর হত্যার বিচার দাবি করেছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2014, 05:09 PM

Updated : 01 Sep 2026, 12:18 PM

সোমবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানানো হয়।

গত ২৩ জানুয়ারি রাতে রাঙ্গুনিয়া উপজেলার রানির হাট বাজার বগাবিল সড়কে জাহাঙ্গীর আলম (৩২) নামের এক কাঠ ব্যবসায়ীকে গুলিতে হত্যা করে সন্ত্রাসীরা।

এর আগে ২০১২ সালের ১২ অগাস্ট রানির হাট বাজারের আরেক কাঠ ব্যবসায়ী রাসেদ মিয়া চৌধুরীকেও গুলি চালিয়ে হত্যা করা হয়।

এ দুই ব্যবসায়ী হত্যার বিচার দাবিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে রানির হাট ব্যবসায়ী ও কাঠ ব্যবসায়ী সমিতি।

সংবাদ সম্মেলনে দুই ব্যবসায়ী হত্যার বিচার দাবি করেন রাজানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন মোস্তফা জাহাঙ্গীর, সাবেক চেয়ারম্যান ও উত্তর জেলা বিএনপি সহ-সভাপতি রফিক বিন চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউসুফ চৌধুরী ও উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মো. আলী শাহ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান কাঠ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও নিহত রাসেদ মিয়া চৌধুরীর ভাই কামাল উদ্দিন চৌধুরী।

তিনি বলেন, রানির হাট বাজারের ব্যবসাকে ঘিরে বেশ কয়েকটি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ আধিপত্য বিস্তারের জন্য মরিয়া হয়ে উঠেছে।

“এসব সন্ত্রাসীরা মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে মোটর বাইক নিয়ে রানির হাট, ইসলামপুর ও রাজানগর এলাকায় ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করে।”

চাঁদা না দেয়ায়ই কাঠ ব্যবসায়ীদের হত্যা করা হয় বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন চৌধুরী বলেন, রাসেদ মিয়া চৌধুরী হত্যার ঘটনায় ১৩ জনকে আসামি করে মামলা করা হয়।

“এর মধ্যে সাত জন গ্রেপ্তারও হয়। পরে তারা জামিনে বেরিয়ে আসে। তাদের মধ্যে পাঁচ জন ২৩ জানুয়ারি জাহাঙ্গীর আলম হত্যার ঘটনায় জড়িত।”

লিখিত বক্তব্যে কামাল উদ্দিন আগামী তিন দিনের মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেন, চিহ্নিত সন্ত্রাসীরা গ্রেপ্তার না হলে আমরা উপজেলায় অবরোধ-হরতালের মতো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতা মো. আলী শাহ বলেন, “ব্যবসায়ীদের নিরাপত্তার দাবিতে আমরা আওয়ামী লীগ-বিএনপি এক হয়েছি। আমরা সবাই সন্ত্রাসীদের বিচার চাই।

“এ দুটি হত্যার ঘটনায় করা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে নিষ্পত্তি করা হোক।”