২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচার বহির্ভূত হত্যা আশঙ্কাজনক পর্যায়ে: বিএনপি

‘একতরফা’ ভোটে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় যাওয়ার পর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বেড়েছে দাবি করে এনিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

মুশফিকা তাসনীন জাফিন

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2014, 09:21 PM

Updated : 01 Sep 2026, 12:18 PM

বাংলাদেশে বিচার বিভাগীয় ‘হত্যাকাণ্ড’ নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোকেও সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দলটি।

সাতক্ষীরা ও ঝিনাইদহে কথিত বন্দুকযুদ্ধে জোটসঙ্গী জামায়াতে ইসলামীর তিন কর্মী হত্যাকাণ্ডের  পর রোববার বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন এক সংবাদ সম্মেলনে উদ্বেগ প্রকাশ করেন।

“সারাদেশে যৌথঅভিযানের নামে আইনশৃঙ্খলা বাহিনী ও তাদের সহযাত্রী হয়ে আওয়ামী লীগের ক্যাডাররা বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর নিষ্ঠুর নির্যাতন চালাচ্ছে। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে। এটা ভয়াবহ সঙ্কেত।”

সাতক্ষীরার দেবহাটায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ইসলামী ছাত্রশিবিরের এক নেতা ও এক কর্মী নিহত হন। ঝিনাইদহের কোটচাঁদপুরে ‘বন্দুকযুদ্ধে’ স্থানীয় এক জামায়াত নেতা নিহত হন।

আসাদুজ্জামান দাবি করেন, সাতক্ষীরায় নিহত আবুল কালাম ও রাশেদুলকে গত ২৩ জানুয়ারি ধরে নিয়ে যাওয়া হয়েছিল। শনিবার তাদের লাশ দেখানো হয়।

একইভাবে শনিবার রাতে সাতক্ষীরার তালা উপজেলার ছাত্রদলের নেতা আজহারুল ইসলামকে যৌথবাহিনী গ্রেপ্তার করে বলে দাবি করেন তিনি।

“তাকে আজও কোর্টে হাজির না করে যৌথবাহিনীর হেফাজতে রাখা হয়েছে। আমরা আশঙ্কা করছি, আজ রাতে হয়তবা আজহারকে হত্যা করে ক্রসফায়ারের নাটক সাজানো হতে পারে।”

প্রধানমন্ত্রীর বক্তব্যের নিন্দা

দরদ থাকলে খালেদা জিয়া যেন পাকিস্তানে চলে যান- গাইবান্ধার সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্যের নিন্দা জানিয়েছেন আসাদুজ্জামান।

“প্রধানমন্ত্রীকে বলব, এসব প্রতিহিংসা ও মন্দভাষায় প্রতিপক্ষকে গালিগালাজ করার সংস্কৃতি থেকে বেরিয়ে আসুন। দেশের মানুষকে এসব অপসংস্কৃতি থেকে শান্তি ও স্বস্তি দিন।”

“বিএনপি কখনোই বলবে না , দিল মে হিন্দুস্থান ,প্রধানমন্ত্রী আপনি ভারত চলে যান। এরকম সংস্কৃতি বিএনপি শেখেনি।”

ক্ষমতাসীন আওয়ামী লীগকে সমঝোতার উদ্যোগ নেয়ার আহ্বানও জানান আসাদুজ্জামান।

রানা প্লাজার সালমার আত্মহত্যা

রানা প্লাজার একটি পোশাক কারখানার শ্রমিক সালমা বেগমের আত্মহত্যার ঘটনাটি তুলে ধরে ওই ভবন ধসে ক্ষতিগ্রস্তদের দেয়া ক্ষতিপূরণের হিসাব প্রকাশের দাবি করেন বিএনপি নেতা আসাদুজ্জামান।

“এভাবে আহত অনেক পরিবার অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। আহত-নিহত পরিবারের সদস্যদের কী পরিমাণ ক্ষতিপূরণ দেয়া হয়েছে, তাদের জন্য কত পরিমাণ সাহায্য-সহযোগিতা এসেছে, এর হিসাব জনসমক্ষে প্রকাশের দাবি জানাচ্ছি।”

রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্ত শ্রমিকরা ক্ষতিপূরণ যথাযথভাবে না পেলে দেশের পোশাক খাতের ভাবমূর্তি আরো ক্ষুণ্ন হবে বলে শঙ্কা প্রকাশ করেছে বিএনপি।

একই সঙ্গে রানা প্লাজার মালিকের শাস্তি এবং তার ‘মদদদাতা’ সাভারের তৎকালীন সংসদ সদস্য মুরাদ জংয়ের বিচার দাবি করেছে তারা।

ক্রিকেট নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করার দাবিও জানান আসাদুজ্জামান।

সংবাদ সম্মেলনে তার সঙ্গে ছিলেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাজী আসাদুজ্জামান, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম, আসাদুল করীম শাহিন, যুবদলের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম আজাদ, কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক তকদীর হোসেন মো. জসিম প্রমুখ।