২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আমরা মুক্তিযুদ্ধের, আ. লীগ সীমান্ত পাড়ি দেয়ার দল’

স্বাধীনতাবিরোধী দল জামায়াতে ইসলামীর এক নেতাকে পাশে রেখেই বিএনপি নেতৃত্বাধীন ১৯ দলীয় জোটকে মুক্তিযোদ্ধাদের মঞ্চ বলে দাবি করলেন বিএনপি চেয়ারপারসন ও জোটনেত্রী খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2014, 12:15 AM

Updated : 22 Aug 2022, 05:35 PM

শনিবার রাতে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক মতবিনিময় সভায় বিএনপিকে মুক্তিযুদ্ধের দল অভিহিত করে তিনি বলেন, “আমাদের দলে রয়েছেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। কাজী জাফর আহমদ, অলি আহমদসহ এখানে যাদের দেখছেন তারা সবাই রণাঙ্গনের মুক্তিযোদ্ধা।

“বিএনপি মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল। আর আওয়ামী লীগ সীমান্ত পাড়ি দেয়ার দল।”

এ সময় বিএনপি নেতৃত্বাধীন জোটের অন্যান্য দলের শীর্ষ নেতাদের সঙ্গে জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামীর কর্মপরিষদের সদস্য ডা. রেদাওয়ান উল্লাহ শাহেদী মঞ্চের এক কোনায় বসেছিলেন।

১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নেয় জামায়াতে ইসলামী। পাকিস্তানি সেনাবাহিনীর পক্ষ নিয়ে বাঙালির ওপর হত্যা, নির্যাতন, লুটতরাজসহ মানবতাবিরোধী অপরাধের দায়ে দলটির কয়েকজন শীর্ষ নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দণ্ডিতদের মধ্যে বিএনপির দুই নেতাও রয়েছেন।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

কাজী জাফর আহমদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির ১৮ দলীয় জোটে যোগ দেয়া উপলক্ষে রাতে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ওই মত বিনিময় সভার আয়োজন করা হয়।

এতে বিএনপি নেতাদের পাশাপাশি জামায়াতে ইসলামীর রেদাওয়ান উল্লাহ শাহেদী, এলডিপির অলি আহমেদ, বিজেপির আন্দালিব রহমান পার্থ, ইসলামী ঐক্যজোটের মাওলানা আবদুল লতিফ নেজামী, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাগপার শফিউল আলম প্রধান, এনপিপির শেখ শওকত হোসেন নিলু, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির খন্দকার গোলাম মুতর্জা, ইসলামিক পার্টির অ্যাডভোকেট আবদুল মোবিন, মুসলিম লীগের এএইচ এম কামরুজ্জামান খান, পিপলস লীগের গরীবে নেওয়াজ, জমিয়তে উলামা ইসলামের শাহিনুর পাশা চৌধুরী, খেলাফতে মজলিশের মজিবুর রহমান পেশোয়ারি, ডেমোক্রেটিক লীগের সাইফুদ্দিন মনি প্রমুখ ছিলেন।

৫ জানুয়ারির নির্বাচনে অংশগ্রহণ নিয়ে মতবিরোধের জের ধরে এইচ এম এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি থেকে বেরিয়ে এসে দলের একাংশ নিয়ে নতুন জাতীয় পার্টি গড়ে তোলেন কাজী জাফর।