২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাফরের জাপাকে নিয়ে ১৯ দল হল বিএনপির জোট

১৯ নম্বরকে  ‘লাকি’ হিসেবে অভিহিত করে চলতি বছরে নতুন জোট শুভ বার্তা আনবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন ও জোটনেত্রী খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2014, 10:52 PM

Updated : 01 Sep 2026, 12:18 PM

কাজী জাফর আহমদের নেতৃত্বাধীন জাতীয় পার্টিকে নিয়ে জোটের পরিধি বাড়ানোর ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

শনিবার রাতে নতুন জোট শরিকদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, “আজ থেকে ১৮ দল ১৯  দল হলো। ১৯ নম্বরটা সকলে জানেন একটা লাকি নাম্বার।

“আমি মনে করি, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ১৯ দল ২০১৪ সালে বয়ে আনবে শুভবার্তা। জনগণের জন্য বয়ে আনবে কল্যাণ। জয় আমাদের হবেই হবে।”

তৃণমূল পর্যায়ে জোটকে শক্তিশালী করতে শরিক দলগুলোর নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান জোট নেতা খালেদা জিয়া।

এর আগে রাত সাড়ে ৭টার দিকে দলের সভাপতিমণ্ডলির সদস্যসহ কয়েকশ নেতা-কর্মীকে নিয়ে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আসেন কাজী জাফর।

নতুন দলের জোটে যোগ দেয়া উপলক্ষে গুলশানের ওই কার্যালয়ে রাতে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে কাজী জাফর আহমদ জোট নেতা খালেদা জিয়ার হাতে ফুল দিয়ে অভিনন্দন জানান।

সভায় খালেদা জিয়া বলেন, “এই সরকার জনগণের ভোটে হয়নি। তারা অবৈধ সরকার।

“এরা (সরকার) ক্ষমতায় আছে জোর করে। শুধুমাত্র বন্দুকের জোরে। জনগণকে ভয়ভীতি দেখিয়ে নির্যাতন করে তারা ক্ষমতায় আছে।”

আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান চালিয়ে বিরোধী নেতা-কর্মীদের গুম- হত্যা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

সরকার ‘জোর’ গলায় কথা বললেও তারা বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না বলে মনে করেন  বিএনপি চেয়ারপারসন।

তিনি বলেন, “এই সরকার উঁচু গলায় কথা বলছে। তারা ৫ বছর ক্ষমতায় থাকার কথা বলছে।৫ বছর নয়, কয়দিন ক্ষমতায় থাকেন দেখেন। সময় বেশি নেই। হাতেগোনা কয়দিন থাকতে পারেন দেখেন।”

বিএনপি নেতৃত্বাধীন জোট ভোট বর্জন করলেও গত ৫ জানুয়ারির নির্বাচনে তাদেরই জয় হয়েছে বলে মন্তব্য করেন জোটের নেত্রী খালেদা জিয়া।

“প্রহসনের নির্বাচনে আমরা হারিনি। গণতন্ত্রের বিজয় হয়েছে। আওয়ামী লীগ হেরেছে। এজন্য তারা উঁচু গলায় কথা বলছে। দেশের মানুষের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা করেছে,” বলেন তিনি।

নির্বাচনের পর হিন্দুদের ওপর হামলার ঘটনা তদন্তে দলের পক্ষ থেকে প্রতিনিধি দল গঠন এবং তাদের সরেজমিন এলাকায় পাঠানোর কথাও জানান বিএনপি চেয়ারপারসন।

ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র বানাতে চায় বলেও অভিযোগ করেন তিনি।

বিএনপিকে মুক্তিযুদ্ধের দল অভিহিত করে খালেদা জিয়া বলেন, “আমাদের দলে রয়েছেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। কাজী জাফর আহমদ, অলি আহমদসহ এখানে যাদের দেখছেন তারা সবাই রণাঙ্গনে মুক্তিযোদ্ধা। বিএনপি মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল। আর আওয়ামী লীগ সীমান্ত পাড়ি দেয়ার দল।”

এ সময় জোটের অন্যতম শরিক স্বাধীনতাবিরোধী দল জামায়াতে ইসলামীর কর্মপরিষদের সদস্য ডা. রেদাওয়ান উল্লাহ শাহেদী মঞ্চে এক কোনায় উপবিষ্ট ছিলেন।

এরশাদের সমালোচনা করে খালেদা জিয়া বলেন, “আওয়ামী লীগ জবরদস্তি করে নির্বাচন করেছে। তার সঙ্গে কোনো রাজনৈতিক দল ছিল না। নাম সর্বস্ব কয়েকটি দল ছিল। নৌকায় চড়ে তারা এমপি হয়েছে। আর একজন আছেন, তিনি সুবিধাবাদী। কখনো এদিক কখনো ওদিক কথা বলেন।”

গত পাঁচ বছরে আওয়ামী লীগের নেতারা লুটপাট ও দুর্নীতি করেছেন বলে অভিযোগ করেন খালেদা জিয়া।

দেশের বিরুদ্ধে নানামুখী ‘ষড়যন্ত্র’ হচ্ছে বলেও মনে করেন বিএনপি প্রধান।

এ ব্যাপারে সবাইকে সর্তক থাকার আহ্বান জানান তিনি।

কাজী জাফর বলেন, “দেশের পরিস্থিতি আজ অত্যন্ত নাজুক। গণতন্ত্র আজ পরাভূত মৃত। একে উদ্ধার করতে হবে। আমি একজন পোঁড় খাওয়া রাজনীতিবিদ হিসেবে বলতে চাই, ৫ জানুয়ারি ভোট বর্জনের আন্দোলনে আমরা সফল হয়েছি। আমাদের হতাশার কিছু নেই।”

খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আমি আপনার পাশে আছি। জাতীয় পার্টি জীবন বাজি রেখে আপনার পাশে থাকবে, ১৮ দলীয় জোটের সঙ্গে থাকবে। আমি বলতে চাই, ১৮ দল আর এখন ১৮ দল নয়, ১৯ দলের পরিণত হল।

“দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা করতে হলে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। দেশনেত্রীর নেতৃতে ১৯ দলের সংগ্রামী ঐক্যবদ্ধ কাফেলা, আজ থেকে আমাদের যাত্রা শুরু হলো।”

এই মতবিনিময় সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও এলডিপির সভাপতি অলি আহমেদ বক্তব্য রাখেন।

এতে ১৮ দলীয় জোটের শীর্ষ নেতাদের মধ্যে এলডিপির অলি আহমেদ, জামায়াতে ইসলামীর রেদাওয়ান উল্লাহ শাহেদী, বিজেপির আন্দালিব রহমান পার্থ, ইসলামী ঐক্যজোটের মাওলানা আবদুল লতিফ নেজামী, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাগপার শফিউল আলম প্রধান, এনপিপির শেখ শওকত হোসেন নিলু, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির খন্দকার গোলাম মুতর্জা, ইসলামিক পার্টির অ্যাডভোকেট আবদুল মোবিন, মুসলিম লীগের এএইচ এম কামরুজ্জামান খান, পিপলস লীগের গরীবে নেওয়াজ, জমিয়তে উলামা ইসলামের শাহিনুর পাশা চৌধুরী, খেলাফতে মজলিশের মজিবুর রহমান পেশোয়ারি, ডেমোক্রেটিক লীগের সাইফুদ্দিন মনি প্রমুখ ছিলেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আর এ গনি,  খন্দকার মোশাররফ হোসেন, মাহবুবুর রহমান, সারোয়ারি রহমান, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান এবং সদ্য যোগ দেয়া জাপার সভাপতিমণ্ডলির সদস্য টি আই এম ফজলে রাব্বী, কাজী মাহমুদ হাসান, এস এম এম আলম, এইচ এম গোলাম রেজা, গোলাম মোস্তফা বাটুল, সৈয়দ শফিউল্লাহ, এম কে আলম চৌধুরী, নবাব আলী, মনিরা বেগম প্রমুখ নেতা উপস্থিত ছিলেন।