খালেদার হাতে ফুল দিয়ে জোটে জাফর
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে কাজী জাফর আহমদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি।
শনিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে খালেদা জিয়ার হাতে ফুল দিয়ে জোটে যোগ দেন এইচ এম এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি থেকে বেরিয়ে আসা কাজী জাফর।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আজ দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। কাজী জাফর আহমেদ নেত্রীকে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে ১৮ দলে যোগদান করলেন।”
এর আগে বিকেলে গুলশানে নিজ বাসভবনে দলের বর্ধিত সভায় বিএনপি নেতৃত্বাধীন জোটে যোগ দেয়ার সিদ্ধান্তের কথা জানান তিনি।
৫ জানুয়ারির নির্বাচনে অংশগ্রহণ নিয়ে এরশাদের সঙ্গে প্রকাশ্য বিরোধের জের ধরে গত ২০ ডিসেম্বর আনুষ্ঠানিক কাউন্সিলের মাধ্যমে কাজী জাফরের নেতৃত্বে জাতীয় পার্টির একাংশ নতুনভাবে যাত্রা শুরু করে।
ওই কাউন্সিল থেকে কাজী জাফর আহমদ ১৮ দলীয় জোট নেতা খালেদা জিয়ার নেতৃত্বে ভোট ঠেকানোর আন্দোলনে একাত্মতা ঘোষণা করেন।
নির্বাচনকালীন নির্দলীয় সরকারের আন্দোলন সামনে রেখে ২০১২ সালের ১৮ এপ্রিল বিএনপির নেতৃত্বে ১৮ দলীয় জোট গঠিত হয়।
ওই জোটে জামায়াতে ইসলামী, লিবারেল ডেমোক্রেটিক পার্র্টি (এলডিপি), ইসলামী ঐক্যজোট, খেলাফত মজলিশ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি), লেবার পার্টি, ইসলামিক পার্টি, বাংলাদেশ ন্যাপ, ন্যাপ ভাসানী, মুসলিম লীগ, জমিয়তে উলামা ইসলাম, পিপলস লীগ ও ডেমোক্রেটিক লীগ রয়েছে।
রাত সাড়ে ৭টার দিকে দলের সভাপতিমণ্ডলির সদস্যসহ কয়েকশ নেতা-কর্মীকে নিয়ে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আসেন কাজী জাফর।
জোটে নতুন দলের যোগ দেয়া উপলক্ষে কার্যালয়ের নিচতলার হলরুমে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। রাত সোয়া ৮টার দিকে খালেদা জিয়া অনুষ্ঠানস্থলে আসেন। এর আগে তিনি দ্বিতীয় তলায় জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেন।
অনুষ্ঠানে জাপার সভাপতিমণ্ডলির সদস্য টি আই এম ফজলে রাব্বী, কাজী মাহমুদ হাসান, এস এম এম আলম, এইচ এম গোলাম রেজা, গোলাম মোস্তফা বাটুল, সৈয়দ শফিউল্লাহ, এম কে আলম চৌধুরী, নবাব আলী, মনিরা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।
এই মতবিনিময় সভায় ১৮ দলীয় জোটের শীর্ষ নেতাদের মধ্যে এলডিপির অলি আহমেদ, জামায়াতে ইসলামীর রেদাওয়ান উল্লাহ শাহেদী, বিজেপির আন্দালিব রহমান পার্থ, ইসলামী ঐক্যজোটের মাওলানা আবদুল লতিফ নেজামী, খেলাফত মজলিশের আহমেদ আবদুল কাদের, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাগপার শফিউল আলম প্রধান, এনপিপির শেখ শওকত হোসেন নিলু, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির খন্দকার গোলাম মুতর্জা, ইসলামিক পার্টির অ্যাডভোকেট আবদুল মোবিন, মুসলিম লীগের এএইচ এম কামরুজ্জামান খান, পিপলস লীগের গরীবে নেওয়াজ উপস্থিত ছিলেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আর গনি খন্দকার, মোশাররফ হোসেন, মাহবুবুর রহমান, সারোয়ারি রহমান, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান প্রমুখ মতবিনিময়ে অংশ নেন।
